ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতিবাচক কিছু ঘটার আশায় মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ইতিবাচক কিছু ঘটার আশায় মিরাজ
মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা ও ভারতের অতি আগ্রাসী ব্যাটিংয়ে দুই দিন বৃষ্টির কারণে খেলা না হওয়া সত্ত্বেও কানপুর টেস্টে জেগেছে ফলাফলের সম্ভাবনা। হার এড়াতে কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিন মাঠে নামবে সফরকারীরা।

বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রানের জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে । ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অতিথিরা দুই উইকেটে ২৬ রান রান তুলে চতুর্থ দিন শেষ করে। এমন বাজে অবস্থার মাঝেও ইতিবাচক কিছু ঘটার আশায় মেহেদী হাসান মিরাজ।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন,‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমরা এমন অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এ রকম যে আমরা ভালো করেছি। এখন আমাদের জন্য একটা সুযোগ আছে। উইকেটটা ভালো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।’

Advertisement

টি-২০ সুলভ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ঝলসে ওঠা টিম ইন্ডিয়া এখন জয়ের জন্য মরিয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের ভাবনার জায়গাটা ভিন্ন। স্বাভাবিকভাবেই নিরাপদ অবস্থানে যাওয়াটাই এখন হয়ে উঠেছে মূল বিষয়। 

মিরাজের ভাষ্য, ‘জেতার জন্য খেলতে গেলে তো আরো সময় দরকার। এক দিন সময় আছে। আমরা ব্যাটিং করে লক্ষ্য দেবো, এরপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে। এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ।’

প্রথম ইনিংসে ৭৫ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। আড়াইশ রান তোলার আগেই হয়েছে অলআউট। পরের ইনিংসে ১১ ওভারেই হারিয়েছে ২ উইকেট। শেষ দিন তাই ব্যাটারদের দীর্ঘ সময় ক্রিজে থাকাটাকেই মিরাজ গুরুত্ব দিচ্ছেন।  

‘আমরা চেষ্টা করবো, আমাদের ব্যাটসম্যান যারা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি। আর একটি পরিস্থিতি যখন ঘটে যাবে, তখন হয়তো আমরা জেতার জন্য খেলবো। টেস্ট ক্রিকেটে যখন আপনি নিজেকে ভালো জায়গায় নিতে চাইবেন, তখন মৌলিক ব্যাপারগুলো ভালো করতে হবে। আমরাও ভালো খেলার জন্য আগে নিজেদের বিষয়গুলো ভাবছি।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!