ক্রিকেটারদের অসন্তোষকে গুরুত্ব দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ডের নিয়মে এনেছে পরিবর্তন। প্রাথমিক রিটেনশন অর্থাৎ ক্রিকেটার রেখে দেওয়ার পরেও নিলাম থেকে নিজেদের পুরনো স্কোয়াডের ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিরা।
নতুন নিয়মে খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে প্রতিটি দল দেশি-বিদেশি মিলিয়ে সর্বাধিক পাঁচজন আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারকে নেয়া যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে আনক্যাপড (অনভিষিক্ত) সর্বাধিক দুইজন ভারতীয় ক্রিকেটারকে দলগুলো ধরে রাখতে পারবে।
.png)
কোনো খেলোয়াড় যদি পাঁচ বছর আন্তর্জাতিক ম্যাচ না খেলেন এবং বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি না থাকেন, সেক্ষেত্রে আইপিএলে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করবে। নিয়মটি অবশ্য শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে প্রযোজ্য। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়ায় মহেন্দ্র সিং ধোনিকে তাই চেন্নাই সুপার কিংস আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রাখার সুযোগ পাবে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বোর্ডের পক্ষ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজিকে রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার ডেডলাইন দেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে সকল দলগুলোকে রিটেন করা ক্রিকেটারদের নাম জমা দিতে হবে।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে যদি কোনো আনক্যাপড ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক হয়, তাহলে তাদের নিলামে ক্যাপড ক্রিকেটারদের তালিকায় রাখা হবে। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে খেলার জন্য ডাক পেয়েছেন টিম ইন্ডিয়ার মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি। তারা আপাতত আনক্যাপড হলেও টাইগারদের বিপক্ষে অভিষেক হলে নিলামে তাদের ক্যাপড খেলোয়াড়ের ক্যাটেগরিতে রাখা হবে।
আইপিএলের আগামী আসরে মেগা নিলামের আগে বিসিসিআই বিদেশি খেলোয়াড়দের বিষয়ে দিয়েছে নির্দেশনা। কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিলে তিনি পরের দুই আসরের জন্য নিষিদ্ধ হবেন। নিষিদ্ধ থাকাকালে নিলামে অংশ নিতে পারবেন না।
আরটিএমের নতুন নিয়ম অনুযায়ী পুরনো ফ্র্যাঞ্চাইজি আরটিএম ব্যবহারে সম্মত হওয়ার পরেও নতুন যে ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ দর হেঁকেছিল, তাদের আরও একবার সুযোগ দেওয়া হবে আরও একটু বেশি দর হাঁকার। পুরনো ফ্র্যাঞ্চাইজিকে সেই বাড়তি দামেই দলে নিতে হবে নিজেদের পুরনো ক্রিকেটারকে।
খেলোয়াড়রা কেউ চোটে পড়লে তাদের বদলে ফ্র্যাঞ্চাইজিগুলো লিগপর্বের ১২তম ম্যাচ পর্যন্ত বদলি ক্রিকেটার দলে নিতে পারবে। ক্লাব ফুটবলের মতো এক দলের ক্রিকেটার ধারে আরেক দলের হয়ে মাঠে নামতে পারবেন। যদিও এই নিয়ম আইপিএলে এখনো ব্যবহৃত হয়নি।