ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাট করার সময় সাকিবের স্ট্রিপ কামড়ানোর কারণ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৪
ব্যাট করার সময় সাকিবের স্ট্রিপ কামড়ানোর কারণ
সাকিব আল হাসান

চেন্নাইয়ে চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের হারের বাইরে আলোচনায় ব্যাটিংয়ের সময় সাকিবের কালো স্ট্র্যাপ কামড়ে ধরার বিষয়টি। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। 

গত শুক্রবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। বেশ কয়েকটি চার মেরে শুরুটা ভাল করেন তিনি। তবে ব্যাট করার সময় তাকে অনবরত গলায় কালো রবারের স্ট্র্যাপ কামড়াতে দেখা যায়।

এরপর থেকেই আলোচনা কেন এই কাজ করেছেন সাকিব? কমেন্ট্রি বক্স থেকে এর উত্তর দিয়েছেন তামিম ইকবাল ও দীনেশ কার্তিক। 

Advertisement

ধারাভাষ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে অসুবিধা হতে পারে সাকিবের।

মূলত সেটি এড়ানোর জন্যই সাকিব এ কাজ বলে জানান কার্তিক। একমত হয়ে তামিমও জানান, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত। তা শোধরানোর জন্যই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রাখছেন।

সাকিব দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। বছরের শুরুর দিকে লন্ডনে চোখের চিকিৎসকও দেখিয়েছেন। তামিমের ধারণা, দৃষ্টি সরাসরি যাতে বোলারের দিকে থাকে তাই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরেন।

এর আগে কানাডার গ্লোবাল টি-২০ লিগেও একই কাজ করেন সাকিব। বিসিবির মেডিকেল বিভাগ থেকে মাথার অবস্থান ঠিক আছে কি না, তা বুঝতে সাকিবকে এই রবারের স্ট্র্যাপ ব্যবহার করতে বলা হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সাকিবের স্ট্র্যাপ কামড়ে ধরার বিষয়টি নিয়ে রসিকতা করছে নেটিজেনরা। কেউ কেউ বলছেন, কালো জাদু করছেন সাকিব। আরেকজন লিখেছেন, ব্যাট হাতে ফর্মে ফেরার জন্য কালো জাদু দিয়ে সর্বোচ্চ চেষ্টা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!