ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির পর্যায়ে পৌঁছাতে পারেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৪
মেসির পর্যায়ে পৌঁছাতে পারেন ইয়ামাল
লামিনে ইয়ামাল

ফুটবল এজেন্ট অ্যান্ডি বারা জানিয়েছেন চমকপ্রদ এক তথ্য। লামিনে ইয়ামালকে দলে টানতে বার্সেলোনাকে ২৫ কোটি ইউরো দিতে প্রস্তুত ছিল পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩,৩২১ কোটি ৩৯ লাখ ৫২ হাজার টাকারও বেশি। এমনটি হলে ফুটবল ইতিহাসে রেকর্ড ট্রান্সফারের ঘটনা। বার্সা সেই পথে না হেঁটে কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার প্রমাণ দেখিয়ে যাচ্ছেন ১৭ বর্ষী এই ফুটবলার।

সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। দলকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা পালন করেন ইয়ামাল। মাঠে নামলেই যেন তৈরি হয়েছে একের পর এক কীর্তি। তার প্রতিভা ও সামর্থ্যের সবটুকু দিয়ে ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। নিজ দল তো বটেই, প্রতিপক্ষের কাছ থেকেও পাচ্ছেন প্রশংসা। জিরোনার কোচ মিচেল তো বলেই দিলেন, একদিন তিনি নাকি কিংবদন্তি লিওনেল মেসির সমতুল্যও হতে পারেন।

জিরোনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করেছে বার্সেলোনা। অনিন্দ্য সুন্দর ফুটবল খেলা লামিনে ইয়ামাল পেয়েছেন জোড়া গোলের দেখা। 

Advertisement

ম্যাচ শেষে মিচেল বলেন, ‘লামিনে একজন পার্থক্য গড়ার কারিগর। আমার মতে, তিনি এরই মধ্যে ১৭ বছর বয়সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। মেসির পরে তার মতো অন্য একজন আসবেন, তা কল্পনা করা কঠিন। তবে আশা করি লামিনে উন্নতি করতে থাকবে। কারণ তিনি এমন এক খেলোয়াড়, যিনি মেসির পর্যায়ে পৌঁছাতে পারেন।’

বার্সেলোনার কিংবদন্তি হওয়ার লক্ষ্যে গত সপ্তাহে ক্লাবটি কখনোই ছেড়ে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন ইয়ামাল। যদিও বাস্তবে এমন রূপকথা ফুটবলে খুব কমই ঘটে। তরুণ এই ফুটবলার তার স্বপ্ন অর্জন করতে পারেন কিনা, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!