আটশ কোটি মানুষের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় সোয়া ৫শ কোটি। সে হিসেবে বিশ্বের অন্তত ৫ জনের একজন অনুসরণ করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদোকে।
কদিন আগে গড়েছিলেন ৯০০ গোলের কীর্তি। এবার ইন্টারনেটেও ঝড় তুললেন সিআর সেভেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তার অনুসারী সংখ্যা ছাড়িয়ে গেছে এক বিলিয়ন বা একশো কোটি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এমন নজির গড়লেন পর্তুগিজ যুবরাজ।
.png)
পর্তুগাল অধিনায়ক রোনালদো বলেন, আমরা ইতিহাস গড়েছি। এক বিলিয়ন অনুসারী!!! এটা কেবল সংখ্যাই নয়, খেলা ও তার বাইরে আমাদের একই আবেগ, আকাঙ্ক্ষা ও ভালোবাসার স্বীকৃতি।
সাবেক ইউনাইটেড ও রিয়াল তারকার এক বিলিয়ন ফলোয়ারের সিংহভাগই ইনস্টাগ্রামে। ৬৩৮ মিলিয়ন। ফেসবুক ও এক্সে একশো মিলিয়নের উপরে। আর মাত্র কদিন আগেই খোলা ইউটিউব চ্যানেলে তার অনুসারী ছাড়িয়ে গেছে ৬০ মিলিয়ন।
ফুটবলারতো বটেই ডিজিটাল দুনিয়ার একশো কোটি অনুসারী নেই আর কোন তারকার। তালিকায় পরের চারজনই সঙ্গীতশিল্পী। সেলেনা গোমেজ, টেইলর সুইফট ও আরিয়ানা গ্র্যান্ডের মাঝে সেরা পাঁচে দ্বিতীয় পুরুষ জাস্টিন বিবার।
রোনালদো আরও বলেন, আমি সবসময় আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি। যা এখন একশো কোটির। যারা সবসময় আমার পাশে ছিলেন। উত্থানে বা পতনে। এটা আমাদের সবার জার্নি। ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য।
যার হাত ধরে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে পর্তুগালের নাম। সেই রোনালদোর সম্মানে ৭ ইউরোর বিশেষ মুদ্রা বাজারে আনছে দেশটি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেই সামাজিক যোগাযোগমাধ্যমেই। যেখানে সবাইকে ছাড়িয়ে পর্তুগিজ কিংবদন্তী।