ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভুটানের পাহাড়ে বাংলাদেশি ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ৩১ আগস্ট ২০২৪
ভুটানের পাহাড়ে বাংলাদেশি ফুটবলাররা
ছবি: বাফুফে

আগামী ৫ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে দেশটির বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচের ছয় দিন আগে গতকাল ফুটবলাররা থিম্পুতে পৌঁছান। আজ অনুশীলনের পরিবর্তে পাহাড়ে উঠে উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন তারা।

শনিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বাংলাদেশের ফুটবলাররা ‘হাইকিং’ করেন। প্রথমবারের মতো হাইকিং করে বেশ রোমাঞ্চিত দলের অন্যতম ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় বিশ্বনাথ বলেন, ‘আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, এর আগে কখনো হাইকিং করিনি। আমরা সবাই মজা করেছি। অভিজ্ঞতাটা উপভোগ করেছি। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে (হাইকিং করতে)। যখন উপরে উঠে গেছি, তখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পেরেছি।’

Advertisement

ফরোয়ার্ড রাকিব হোসেনও একই উচ্ছ্বাস প্রকাশ করেছেন,‌ ‘আমরা পুরো টিম পাহাড়ে হাইকিং করেছি, একটু কষ্ট হয়েছে সবার। কেননা, এখানকার আবহাওয়া আমাদের দেশের চেয়ে (এখন) একটু বেশি গরম… হালকা ঠাণ্ডাও আছে।

একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি। ভুটানের সঙ্গে ম্যাচ রয়েছে, যত আগে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো, আমাদের জন্য তত ভালো হবে।’

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচ হবে টার্ফে। কাল থেকে মাঠের অনুশীলন শুরু। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘আপাতত আমাদের লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেয়া।’

তিনি আরো বলেন, ‘সব মিলিয়ে চার সেশন পাবো, জিম সেশন হয়েছে সকালে, পুল সেশন রিকভারি, যেগুলো মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। খুবই ইতিবাচক।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!