ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় স্কোর গড়ে পাকিস্তানের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২২ আগস্ট ২০২৪
বড় স্কোর গড়ে পাকিস্তানের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ 
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মোহাম্মদ রিজওয়ানের দাবল সেঞ্চুরির জন্য পাকিস্তান অপেক্ষা করবে কিনা, সেটিই ছিল দেখার বিষয়। স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ সেটি করেননি। দ্বিতীয় দিনের শেষ সেশনে তিনি প্রথম ইনিংস ঘোষণা করেছেন। খানিক পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাউয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ৪৪৮ রানের বড় স্কোর গড়ে ইনিংস ঘোষণা দিয়েছে। টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান ২৩৯ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১৭১ রানে ও শাহিন শাহ আফ্রিদি ২৪ বলে এক চার ও ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন।  

বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৭৭ ও হাসান মাহমুদ ৭০ রান খরচায় পান ২ উইকেট। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।   

Advertisement

চার উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরু থেকেই দেখে খেলছিলেন শাকিল। অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন রিজওয়ান। দুজনে প্রথম সেশনে যোগ করেন ৯৮ রান।

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই সেঞ্চুরি পূরণ করেন রিজওয়ান। সাকিব আল হাসানকে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান তিনি। অন্যপ্রান্তে শাকিলও তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। চতুর্থ উইকেটে শাকিল ও রিজওয়ান ২৩৮ রানের বিশাল জুটি গড়েন। 

উইকেট পেতে রীতিমতো সংগ্রাম করে যাচ্ছিল বাংলাদেশি বোলাররা। অবশেষে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সফরকারীরা কাঙ্ক্ষিত উইকেটের দেখা পায়। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ২৬১ বলে ৯ চারে ১৪১ রানের ইনিংস খেলা সৌদ শাকিল।

দলীয় ৩৯৮ রানের মাথায় সালমাল ড্রেসিংরুমের পথ ধরেন। সাকিবের ফ্লাইটেড ডেলিভারিটি বুঝে ওঠার আগেই ব্যাট চালিয়ে দেওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা মিরাজের তালুবন্দি হন।   

মোহাম্মদ রিজওয়ানকে অবশ্য ফেরানো যায়নি। অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই ব্যাটার সেঞ্চুরি পেয়েও ক্ষান্ত হননি। নিজের ইনিংসটাকে দেড়শ রানের গণ্ডি পার করিয়েছেন। বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার কাজটা ক্রিজে থেকে চালিয়ে যান।

উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান চলতি ম্যাচে তার টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত রানের সেরা ইনিংসটি এরই মধ্যে খেলে ফেলেছেন। ২০২১ সালে রাওয়ালপিন্ডিতেই সাউথ আফ্রিকার বিপক্ষে আগের সেরা ১১৫ রানের ইনিংস তিনি খেলেছিলেন।

এর আগে বুধবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৬ রানের ভেতর পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল টিম টাইগার্স। যদিও পরে সেটা ধরে রাখতে পারেনি তারা।

সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ফিফটিতে স্বাগতিকরা চাপ সামলে নেয়। শতরানের জুটি গড়ে সাইম ৫৬ করে ফিরলেও দিনের বাকি সময় ভালোভাবেই পাড়ি দেন শাকিল ও রিজওয়ান। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!