ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্টে শচীনের রানের রেকর্ড ভাঙবেন কে, জানালেন পন্টিং

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ১৫ আগস্ট ২০২৪
টেস্টে শচীনের রানের রেকর্ড ভাঙবেন কে, জানালেন পন্টিং
ফাইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শেষের আগে শচীন টেন্ডুলকার এমন কিছু রেকর্ড গড়েছিলেন, যা ভাঙাটা অনেকের কাছে অসম্ভব বলেই মনে হয়েছিল। টেস্ট ক্রিকেটে ভারতীয় কিংবদন্তির মোট রানসংখ্যাকে কোনো ব্যাটারের টপকে যাওয়াটা এখনো বেশিরভাগ মানুষ অকল্পনীয় ভাবেন। 

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য ভবিষ্যদ্বাণী দিয়ে বসেছেন। শচীনের টেস্ট রানের রেকর্ড ভাঙার সম্ভাবনা কোন ব্যাটারের রয়েছে, সেটিও প্রকাশ করেন।

ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ২০০তম টেস্ট খেলে অবসরে যাওয়া শচীনের নামের পাশে রয়েছে ১৫,৯২১ রান। ঠিক তার পেছনে ১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান করা পন্টিং। 

Advertisement

আগামী চার বছর ধারাবাহিকভাবে রান করতে পারলে শচীনের সর্বমোট রানকে জো রুট ছাড়িয়ে যেতে পারেন বলেই পন্টিংয়ের বিশ্বাস। টেস্টে এই ইংলিশ ব্যাটার সপ্তম ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছাড়িয়েছেন।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টে তিনি ১২ হাজার রানের মাইলফলকে পা দেন। ১৪৩ টেস্টে ৫০.১১ গড়ে ৩২ সেঞ্চুরি ও ৬৩ হাফ সেঞ্চুরিসহ তার সংগ্রহ ১২,০২৭ রান। শীঘ্রই রুট শ্রীলংকার কুমার কুমার সাঙ্গাকারা (১২,৪০০ রান) এবং তার সাবেক সতীর্থ অ্যালিস্টার কুককে (১২,৪৭২ রান) ছাড়িয়ে যেতে পারেন।

আইসিসি রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘সে (রুট) সম্ভবত রেকর্ডটা ভাঙতে পারে। তার বয়স ৩৩ বছর শচীনের চেয়ে তিন হাজারের বেশি রানে পিছিয়ে আছে। তারা (ইংল্যান্ড) কত টেস্ট ম্যাচ খেলবে, এটার উপর নির্ভর করে। যদি প্রতি বছর ১০-১৪টা টেস্ট ম্যাচ খেলে এবং আপনি যদি বছরে ৮০০-১,০০০ রান করেন, তাহলে বলাই যায় সেখানে তার পৌঁছাতে আর মাত্র তিন কিংবা চার বছর বাকি। তখন রুটের বয়স ৩৭ বছর হবে।’

বিশ্বরেকর্ড গড়তে হলে রুটকে রানের জন্য ক্ষুধার্ত থাকতে হবে বলে মন্তব্য করেন অজি কিংবদন্তি। অর্ধশতককে অতীতে সেঞ্চুরি কিংবা বড় স্কোরে রূপান্তর করতে না পারার অক্ষমতা কাটিয়ে উঠতে পারাকে তিনি ইতিবাচক লক্ষণ বলেই মানেন।

‘চার-পাঁচ বছর আগে সে প্রচুর অর্ধশতক হাঁকালেও ইনিংস লম্বা করতে এবং শতরান করতে লড়াই করেছিল। সম্প্রতি সেই রাস্তা থেকে বেরোতে পেরেছে। প্রায় প্রতিবারই এখন সে ৫০-এ পৌঁছে গিয়ে যায় এবং বড় সেঞ্চুরি করে। এটাই তার জন্য আসল পরিবর্তন।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!