আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক সম্ভবত এবারই শেষ কোপা খেললেন। ফাইনালে শেষ পর্যন্ত মাঠে থাকতে চেয়েছিলেন তিনি। দলকে ট্রফি জিততে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি।
স্কালোনি বলেন, ‘সবার মতো মেসিও ট্রফি জিততে চেয়েছিল। ইতিহাসের সেরা ফুটবলার ও। গোড়ালিতে চোট পাওয়ার পরেও মাঠ ছাড়তে চায়নি। নিজের স্বার্থের জন্য নয়। ও চেয়েছিল সতীর্থদের লড়াইয়ের জন্য মানসিক ভাবে চাঙ্গা রাখতে। মেসির মাঠে থাকার একটা আলাদা অর্থ রয়েছে। মাঠে থাকার জন্যই ওর জন্ম হয়েছে। তা করতে না পারায় ভেঙে পড়েছিল।’
.png)
মেসির আবেগ নিয়ে তার সতীর্থ রদ্রিগো দি পল বলেন, ‘আমি জানি মেসি কী ভাবে। ও সব সময় আমাদের সঙ্গে মাঠে থাকতে চায়। আমাদের সাহায্য করতে চায়। সেটা পারেনি বলেই ভেঙে পড়েছিল লিও।’
কলম্বিয়ার বিরুদ্ধে খেলার ৩৬ মিনিটের মাথায় প্রথম চোট পান মেসি। বক্সে ঢুকে বল ক্রস করার চেষ্টা করেন। কলম্বিয়ার সান্তিয়াগো আরিয়াসের বুটের স্টাড তার ডান পায়ের গোড়ালিতে লাগে।
এ সময় যন্ত্রণায় ছটফট করতে থাকেন মেসি। বেশ কিছুক্ষণ মাঠে পড়ে থাকেন। পরে খেলতে নামলেও খোঁড়াচ্ছিলেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় ছুটতে গিয়ে হঠাৎ পড়ে যান এ তারকা।
হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে আবার যন্ত্রণায় কাতরাতে থাকেন মেসি। আর খেলতে পারেননি। মাঠ ছাড়তে হয়। গোড়ালিতে আইসপ্যাক বেঁধে বেঞ্চে বসে হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি।