ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

সেমিতে নামার আগেই ভারতকে স্বস্তির খবর দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ২৬ জুন ২০২৪
সেমিতে নামার আগেই ভারতকে স্বস্তির খবর দিল আইসিসি
ছবি- সংগৃহীত

চলছে টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের খেলা শেষ পর্যায়ে। বাকি রয়েছে শুধু সেমিফাইনাল ও ফাইনাল। এরপরেই পর্দা নামবে নবম আসরের।

বৃহস্পতিবার সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ভারত। 

গায়ানায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে ভারতে স্বস্তির খবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত ভারতের ‘অপয়া’ আম্পায়ার বলে পরিচিত রিচার্ড কেটেলবোরো থাকছেন না ভারত-ইংল্যান্ড সেমিতে।

Advertisement

সেমিফাইনাল দুটির জন্য ম্যাচ পরিচালকদের নাম মঙ্গলবার রাতে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে মাঠের আম্পায়ার থাকছেন ক্রিস গাফানি ও রড টাকার। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন জেফ ক্রো। টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হচ্ছেন জোয়েল উইলসন ও পল রাইফেল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সেমি। 

ভারত ম্যাচে না থাকলেও প্রথম সেমিফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন কেটেলবোরো। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ ও নিতিন মেনন। আহসান রাজা এই ম্যাচের চতুর্থ আম্পায়ার। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা।

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে এটাই সবশেষ কোনো আইসিসি ইভেন্ট জয়। এরপর ১১ বছরে ভারত ৯ বার আইসিসি ইভেন্টের নকআউট রাউন্ডে হোঁচট খেয়েছে, যার ৮টিতেই আম্পায়ারিং প্যানেলে ছিলেন কেটেলবোরো। 

২০১৪ টি-২০ বিশ্বকাপে শ্রীলংকার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ভারত। এরপর ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে। আর ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিতে ভারতের পথচলা থামিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বছর ভারতকে কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সাদা বলের ক্রিকেটে ভারতের এই ৬টি নকআউট পর্বের ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো।

২০২১ ও ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে কাঁদিয়েছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন কেটেলবোরো।

গায়ানার সেমিফাইনাল ভারতের জন্য তাই অ্যাডিলেডের ‘প্রতিশোধ’ নেয়ার ম্যাচ। ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!