ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরো চ্যাম্পিয়নশিপ - ২০২৪

শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ, যা জানা দরকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ১৪ জুন ২০২৪
শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ, যা জানা দরকার
ছবি- সংগৃহীত

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠবে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর। এবারের আসরের আয়োজক জার্মানি। শনিবার (১৫ জুন) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ১৫ জুলাই পর্যন্ত।

২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এটিই জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। আসরে ১০টি স্টেডিয়ামে ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম (আসনসংখ্যা ৭১ হাজার), মিউনিখ (৬৬ হাজার) ও ডর্টমুন্ডে (৬২ হাজার) সর্বোচ্চ ছয়টি ম্যাচ হবে। মিউনিখে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। ফাইনাল হবে বার্লিনে।

Advertisement

পাঁচটি করে ম্যাচ হবে স্টুটগার্ট (আসনসংখ্যা ৫১ হাজার), হামবুর্গ (৪৯ হাজার), ড্যুসেলডর্ফ (৪৭ হাজার), ফ্রাঙ্কফুর্ট (৪৭ হাজার) ও কোলনে (৪৩ হাজার)। লাইপজিগ (৪০ হাজার) ও গেলসেনকিরশেনে (৫০ হাজার) হবে চারটি করে ম্যাচ। ২০০৬ সালের বিশ্বকাপের সময় ড্যুসেলডর্ফে কোনো ম্যাচ হয়নি।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ইংল্যান্ডকে সবচেয়ে এগিয়ে রেখেছেন বুকমেকাররা। গতবার রানার্সআপ হয়েছিল তারা। ইংলিশদের পর ফেবারিট বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্স ও আয়োজক দেশ জার্মানি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইউরোতে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সবার উপরে আছে ফ্রান্স (২)। এরপর আছে বেলজিয়াম (৩), ইংল্যান্ড (৪) ও পর্তুগাল (৬)। জার্মানির র‍্যাঙ্কিং ১৬। সে হিসেবে ইউরোপের নবম সেরা দল তারা। র‍্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা দেশ জর্জিয়া (৭৫)।

আসন্ন টুর্নামেন্টে মোট ২৪টি দল ৬ গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। চার দেশের একেকটি গ্রুপ থেকে প্রথম দুটি দল শেষ ষোলোতে যাবে। 

এ ছাড়া প্রতিটি গ্রুপে তৃতীয় স্থান পাওয়া দেশগুলোর মধ্যে পয়েন্ট বিবেচনায় সেরা চার দেশও শেষ ষোলোতে যাবে। কোনো গ্রুপে প্রথম দুটো দলের পয়েন্ট সমান হলে নিজেদের মধ্যে খেলার ফল বিবেচনায় প্রথম, দ্বিতীয় ঠিক করা হবে।

টুর্নামেন্টের সময়সীমান্ত নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া সন্ত্রাসী ও হুলিগানেরা যেন জার্মানিতে ঢুকতে না পারেন সেই ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা কর্তৃপক্ষ। গত টুর্নামেন্টের আয়োজক ব্রিটেন নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ১ হাজার ৬০০ দর্শককে সেই দেশে ঢুকতে দেয়নি।

প্রাইজমানি কত?
২৪ দলকে ৩৩১ মিলিয়ন ইউরো প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরো। এর মধ্যে চ্যাম্পিয়ন হলে সর্বোচ্চ ২৮ মিলিয়ন ইউরো পাবে কোনো দল।

কোথায় দেখা যাবে?
উপমহাদেশে খেলাগুলো দেখা যাবে সনিতে। এর সঙ্গে বাংলাদেশে টি-স্পোর্টস দেখাবে ইউরো, খেলা দেখা যাবে তাদের অ্যাপ ও ওয়েবসাইটেও। বাংলাদেশের দর্শকদের জন্য বেশ সুবিধাজনক সময়েই হবে খেলাগুলো। সন্ধ্যা সাতটা, রাত দশটা ও রাত একটায় হবে ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!