প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে ১ জুন। এই ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে টিম টাইগার্স।
যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তারকা ব্যাটার বিরাট কোহলিকে পাবে না ভারত। এই খবরটি বাংলাদেশ দলের জন্য স্বস্তিরই বটে।
.png)
আইপিএল থেকে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিদায়ের পর ছুটি বাড়িয়েছেন তিনি। দলের সঙ্গে তাই একটু দেরিতে যোগ দেবেন তিনি। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিশ্বকাপে অংশ নিতে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ভারতীয় দল। প্রথম ধাপে এরই মধ্যে রওনা দিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অধিনায়ক রোহিত শর্মাসহ কয়েকজন ক্রিকেটার।
কোহলি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন আগামী ৩০ মে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘কোহলি আমাদেরকে বলেছে, সে দেরিতে দলের সঙ্গে যুক্ত হবে... মে মাসের ৩০ তারিখ ভোরে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিসিসিআই তার অনুরোধ মেনে নিয়েছে।’
টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে আগামী ৫ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এছাড়া ‘ডি’ গ্রপে ভারতের বাকি তিন প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।