ভারতের কোচ হওয়ার দৌড়ে আছেন গৌতম গম্ভীর, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গাররা। সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার সাবেক দুই তারকা ক্রিকেটার পন্টিং-ল্যাঙ্গার নাকি ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যদিও পরে বিসিসিআই জানায়, ‘বিষয়টা গুজব এবং এমন কোনো প্রস্তাব তারা দেয়নি।’
এদিকে পন্টিং ও ল্যাঙ্গারের মতোই আইপিএলে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন কুমারা সাঙ্গাকারা। এই লঙ্কান কিংবদন্তি রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে আছেন।
.png)
এই মুহূর্তে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন; এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারা জানান, এখন পর্যন্ত বিসিসিআই তাকে প্রস্তাব দেয়নি এবং দিলেও তার পক্ষে ফুলটাইম কোচিং করানোর মতো সময় নেই।
শুক্রবার রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে বিদায় নিয়েছে সাঙ্গকারার দল রাজস্থান।
এদিন ম্যাচ শেষে ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে ভারতের কোচ হওয়ার প্রস্তাবের ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাছে কেউ (কোচ হওয়ার প্রস্তাব নিয়ে) আসেনি। তাছাড়া ফুলটাইমের জন্য ভারতের কোচ হওয়ার মতো সময় আমার কাছে নেই। আমি রাজস্থানে ভালো আছি এবং দেখা যাক সামনে কী হয়।’