আসন্ন টি-২০ বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আছে উগান্ডা। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডি ও আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি। এর মধ্যে তিন দেশই আইসিসির পূর্ণ সদস্য। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবতে চান না দলটির কোচ অভয় শর্মা।
সামর্থ্য অনুযায়ী ইতিবাচক ক্রিকেট খেলার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা একটি শক্ত গ্রুপে আছি। এটি কঠিন গ্রুপ নিশ্চিতভাবে যেহেতু তিনজন আইসিসি পূর্ণ সদস্য আছে। তবে প্রতিপক্ষকে নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা যা জানি, আমরা চেষ্টা করব এবং চাপের মধ্যে সেই জিনিসগুলো বাস্তবায়ন করতে। আমাদের ইতিবাচক মানসিকতা ধরে ছেলেদের বিশ্বাস করতে চাই।’
.png)
আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে অংশ গ্রহণ করেছিল ৭টি দেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে দলগুলো। রুয়ান্ডার বিপক্ষে ৯ উইকেটের বড় জয় দিয়ে আসর শুরু করে উগান্ডা।
এরপর কেনিয়া, নাইজেরিয়া ও জিম্বাবুয়েকে হারিয়ে টানা ৪ ম্যাচে জয় তুলে নেয় তারা। প্রথম ৪ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়ায় বিশ্বকাপে খেলার সম্ভাবনা গাঢ় হয়। তবে পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে যায় তারা। সেই হারে সম্ভাবনার আকাশে কিছুটা মেঘ জমে!
তবে ঘুরে দাঁড়াতেও সময় লাগেনি উগান্ডার। শেষ ম্যাচে তানজানিয়াকে ৮ উইকেটে হারিয়ে শঙ্কার মেঘ সরিয়ে বিশ্বকাপের টিকিট পায় আফ্রিকার দেশটি।