আগামী ১৫ জুন থেকে মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের আয়োজক হয়েছে জার্মানি। যেখানে ইংল্যান্ডের শিরোপা জয়ে সম্ভাবনা দেখছেন গার্দিওলা। এমনকি তাদের পক্ষে বাজি ধরার কারণও ব্যাখ্যা করেছেন এই স্প্যানিশ কোচ।
তিনি বলেন, ‘তারা (ইংল্যান্ড) সত্যি দুর্দান্ত এক দল। এটা শুধু স্ট্রাইকারদের প্রতিভার কারণেই নয়, পুরো প্যাকেজ হিসেবেই। পুরো দল এবং গ্যারেথ সাউথগেট ভালোভাবেই জানেন তাকে কী করতে হবে। আমার ভাবনার মতোই সবার ভাবনা হতে পারে যে, সবশেষ বিশ্বকাপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পর তারা অনেকটা উন্নতি করেছে। তারা একদম (শিরোপার) কাছাকাছি আছে এবং সত্যিই নিকটে।’
.png)
ম্যানসিটি কোচ বলেন, ‘এমন পর্যায়ে যখন প্রতি দুই বছর অন্তর পৌঁছাবেন তখন মনে করতে হবে কিছু ঘটতে যাচ্ছে। এটা অনেকটা আমাদের মতো (ম্যানচেস্টার সিটি)। আমরা অনেকবার কাছে গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরেছিলাম।’
ইংল্যান্ডকে নিয়ে গার্দিওলা অবশ্য ভুল বলেননি। সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন থ্রি লায়ন্সরা। শিরোপার মঞ্চে ইতালির কাছে পেনাল্টিতে হেরে হতাশ হতে হয় তাদেরকে।
এর আগে ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনালে হেরেছিল ইংল্যান্ড। আর সবশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হারের তেতো স্বাদ পায় ইংলিশরা। এবার গার্দিওলার ভবিষ্যদ্বাণী সঠিক হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।