ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজ নয়, মুম্বাইয়ের বিপক্ষে পাথিরানাকে চান অশ্বিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ১৪ এপ্রিল ২০২৪
মুস্তাফিজ নয়, মুম্বাইয়ের বিপক্ষে পাথিরানাকে চান অশ্বিন
ছবি- সংগৃহীত

আইপিএলের ‘এল ক্লাসিকোতে’ রূপ নেয়া ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি মাঠে গড়াবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। এই মাঠের ধরণ ও উইকেট বিবেচনায় ম্যাচটিতে মুস্তাফিজুর রহমানকে খেলানো ঝুঁকি মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন।

রাজস্থান রয়্যালসের স্পিনার অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে চেন্নাই-মুম্বাই ম্যাচ নিয়ে আলোচনায় হাজির হন। সেখানে সঙ্গে ছিলেন তামিল ধারাভাষ্যকার নানি সত্যনারায়ানান। যেখানে ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ওয়াংখেড়েতে মুস্তাফিজ থেকে শ্রীলংকার পেসার মাহিশা পাথিরানাকে কার্যকরী মনে করেন অশ্বিন।

অশ্বিন বলেন, ‘পাথিরানা যদি ফিট থাকে তাহলে ওয়াংখেড়েতে আমি ওকে খেলাব, মুস্তাফিজ স্লোয়ারের ওপর বেশী নির্ভরশীল। মুম্বাইয়ের মাঠে এটা তাকে বিপদে ফেলতে পারে। তাই আমি পাথিরানাকে খেলাতে চাই ফিজের জায়গায়, তবে পাথিরানা ফিট কিনা সেটা আমি নিশ্চিত নই।’

Advertisement

আরেক প্রশ্নের উত্তরে নানি বলেন, তার বিশ্বাস এই ম্যাচে চেন্নাইয়ের তুরুপের তাস হবেন মুস্তাফিজ। শুরুতে মুম্বাই ওপেনার রোহিত শর্মাকে ফেরানোর দায়িত্ব মুস্তাফিজকেই নিতে হবে বলে মনে করেন নানি।

নানি জানান, ‘মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ে কার্যকরী খেলোয়াড় হবেন। চেন্নাইয়ের জন্য রোহিত শর্মার উইকেটটা গুরুত্বপূর্ণ হবে। এলডব্লিউতে রোহিতকে আউট করা মুস্তাফিজের উচিত হবে তাকে নিজের শিকার বানানো। জাদেজাও নিতে পারে, গত বছর রোহিতকে সে আউট করে।’

চলমান আইপিএলে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। চলতি আইপিএলের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই বোলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!