ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছেলের জন্য চাকরি ছাড়েন বাবা, সেই ছেলেই রাঙালেন আইপিএলের মঞ্চ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১০ এপ্রিল ২০২৪
ছেলের জন্য চাকরি ছাড়েন বাবা, সেই ছেলেই রাঙালেন আইপিএলের মঞ্চ
নিতিশ কুমার রেড্ডি। ছবি- ক্রিকইনফো

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্ট থেকে প্রতি বছরই নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটার বের হচ্ছে। বলা যায়, ভারতীয় ক্রিকেটে নতুন ক্রিকেটার তুলে আনার বড় মঞ্চ এই আইপিএলই। 

মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে মাতানো নয়া এক বিস্ময়ের দেখা পেয়েছে ভারতীয় ক্রিকেট। বিধ্বংসী এক ইনিংসেই অখ্যাত ক্রিকেটার নিতিশ কুমার রেড্ডি সবার নজর কেড়ে নিয়েছেন।

শুধু নজরই কাড়েননি, নিতিশের ইনিংসে পাঞ্জাব কিংসকে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শিখর ধাওয়ানের দলের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ২ রানের জয় পেয়েছে প্যাট কামিন্সের দল। এই জয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ।

Advertisement

এদিন আগে ব্যাট করতে নেমে ৩৯ রান তুলতেই তিন উইকেট হারায় সানরাইজার্স। এরপর দলের হাল ধরেন ২০ বছর বয়সী তরুণ ক্রিকেটার নিতিশ। চলতি মৌসুমে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ৩৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৫টি ছয়ে।

রেড্ডির ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ২ রানে হারে শিখর ধাওয়ানের দল।

পাঞ্জাবের বিপক্ষে এমন জয়ের পর থেকে আলোচনায় তরুণ ক্রিকেটার রেড্ডি। এই ডানহাতি ব্যাটসম্যানের এমন ইনিংসের পর তার অন্ধ্রপ্রদেশ ক্রিকেট দলের সতীর্থ হনুমা বিহারি একটি টুইট বার্তা প্রকাশ করেছেন।

বিহারি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এনকেআর (নিতেশ কুমার রেড্ডি)- খুবই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তার বাবা ছেলের ক্যারিয়ার গড়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন। (রেড্ডির বাবা) তাকে দিকনির্দেশনা দিয়েছে এবং তৈরি করেছে। ওর কঠিন পরিশ্রম কাজে এসেছে। ও যখন ১৭ বছর বয়স ছিল তখন থেকে ওকে চিনি আমি। ও যেভাবে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছে দেখে আমার গর্ব হচ্ছে। হায়দরাবাদ এবং ভারতের ভবিষ্যৎ সে।’

জানা গেছে, রেড্ডির বাবা মুতাইলা রেড্ডি হিন্দুস্থান জিংকে কর্মরত ছিলেন। যখন তাকে উদয়পুর বদলি করা হয় , তিনি চাকরি ছেড়ে দেন তার ছেলের ক্রিকেট ক্যারিয়ারের জন্য। রেড্ডির বাবার এই ত্যাগকে এখন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!