অবাক হলেও করার কিছু নেই। রোববার তুরস্ক সুপার কাপের ফাইনালে এমনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। নিজেদের প্রতি অন্যায়ের অভিযোগে শিরোপার মঞ্চ ছাড়ে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। এতে বিরলতম ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্তাম্বুলের ক্লাব গালাতাসারাই।
এদিন সুপার কাপের ফাইনালে ইস্তাম্বুলের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে অনূর্ধ্ব–১৯ দলকে মাঠে নামিয়ে মাত্র ৩ মিনিট খেলে একটি গোল হজম করে ফেনেরবাচে। এরপরেই মাঠ ছেড়ে চলে যায় তারা।
.png)
ম্যাচের ৩ মিনিটেই মাউরো ইকার্দির গোলে লিড নেয় গালাতাসারাই। এরপরেই তারা মাঠ ছেড়ে চলে যায় ফেনেরবাচে। তুরস্কের সংবাদমাধ্যম অবশ্য আগেই খবর দিয়েছিল, ফেনেরবাচে মাঠে নামার পর ম্যাচ ছেড়ে দেবে।
বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনে ফেনেরবাচের সভাপতি আলি কচ বলেন, ‘তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর এটাই সময়।’
বৃহস্পতিবার ইউরোপার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে ফেনেরবাচে। এ কারণে সুপার কাপের ফাইনালের সূচিতে পরিবর্তন চেয়েছিল তারা।
একই সঙ্গে তারা আবেদন করেছিল, তুরস্কের রেফারির পরিবর্তে বিদেশি রেফারি দিয়ে যেন সুপার কাপের ফাইনাল পরিচালনা করা হয়। কিন্তু সুপার কাপ কর্তৃপক্ষ তাদের কোনো অনুরোধই রাখেনি। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে শিরোপা বিসর্জন দিয়েছে দলটি।