ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ক্লেরমন্টের বিপক্ষে ড্র করায় পিএসজি নয়, বরং বার্সেলোনাকে তোপ দেগেছে প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে গ্যালারি থেকে বার্সেলোনাকে উদ্দেশ্য করে নানা ধরণের কটূক্তি ও গালিগালাজে লিপ্ত হন স্থানীয় সমর্থকেরা।
তবে সমর্থকরা যাই বলুন না কেন বার্সেলোনার প্রতি পূর্ণ সম্মান রয়েছে বলে জানালেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
.png)
আগামী বুধবার অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা প্রত্যাশায় শেষ আটের লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগের ম্যাচে বার্সাকে আতিথেয়তা দেবে তারা।
সেই ম্যাচে যে প্যারিসিয়ানদের কাছ থেকে ভালো কিছু পেতে যাচ্ছে না বার্সা, তার ইঙ্গিত নিজেদের ঘরোয়া প্রতিযোগিতাতেই দিয়ে দিলেন স্থানীয় সমর্থকরা। তবে ম্যাচ শেষে সে বিষয়টি উঠে আসে এনরিকের সংবাদ সম্মেলনেও।
পিএসজি সমর্থকদের এমন আচরণ না করার প্রত্যাশা করছেন কি-না জানতে চাইলে হেসে ওঠে এনরিকে। এরপর বলেন, ‘আমি একটি দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই। দুটি দুর্দান্ত দলের মধ্যে একটি দুর্দান্ত শো। আমি চাই স্পোর্টসম্যানশিপ রাজত্ব করুক। জীবনের মতো, খেলাধুলাতেও আপনি প্রায়শই জিতবেন, আবার প্রায়শই হেরে যাবেন।'
তিনি আরো বলেন, ‘আমি সবসময় আমার সমস্ত প্রতিদ্বন্দ্বী, রেফারি, প্রতিপক্ষ খেলোয়াড় এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের পরিবারকে সম্মান করি। আমরা যখন দুঃখ পাই, তখন প্রতিদ্বন্দ্বীরা খুশি হয়। আমি আশা করি পিএসজিই জিতবে। আমি কি আপনাকে উত্তর দিয়েছি?’