ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হঠাৎ আইপিএলের দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১ এপ্রিল ২০২৪
হঠাৎ আইপিএলের দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বিসিসিআই
ফাইল ছবি

আইপিএলের মাঝেই জরুরি বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের দলগুলোর মালিক এবং প্রধান কর্তাদের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠক ডাকা হয়েছে। যা অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

সেদিন আহমেদাবাদে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা রয়েছে। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকেই ডাকা হচ্ছে। মালিকদের পাশাপাশি সিইও এবং শীর্ষস্থানীয় কর্তারা থাকবেন।

বোর্ডের তরফে সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং চেয়ারম্যান অরুণ ধুমল থাকবেন। সবাইকে চিঠি পাঠানো হয়েছে। বৈঠকের বিষয়বস্তু জানা যায়নি। তবে পরের বছরের মেগা নিলামের কথা মাথায় রেখে নীতিগত বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে কীভাবে আইপিএলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা জানতে চাওয়া হবে। বৈঠকে বেশি আলোচনা হবে ক্রিকেটার ধরে রাখার নীতি বা ‘রিটেনশন পলিসি’ নিয়ে। অনেক ফ্র্যাঞ্চাইজি চায় বেশি ক্রিকেটার ধরে রাখতে। যেন সমর্থক ধরে রাখা যায় এবং দল গঠন আরও মজবুত করা যায়।

এক্ষেত্রে কেউ কেউ আট জন ক্রিকেটার ধরে রাখার কথা বলেছেন। তার পাল্টা কয়েক জন জানিয়েছেন, কম সংখ্যক ক্রিকেটার ধরে রাখা হোক। তাতে প্রতিটি দলেরই জনপ্রিয়তা সমানভাবে বাড়বে। পাশাপাশি, রাইট-টু-ম্যাচ কার্ড ব্যবহার করা যায় কি না, তা নিয়েও আলোচনা হবে।

একই সঙ্গে, দলগুলির ‘স্যালারি ক্যাপ’ বৈঠকে উঠতে পারে। আগের নিলামে প্রতিটি দল ১০০ কোটি খরচ করতে পারত। তা বাড়তে চলেছে। কারণ, সম্প্রচার স্বত্ব থেকে বোর্ডের আয় দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়ায়, দলগুলির লাভের পরিমাণও আগের থেকে অনেক বেশি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!