ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫ মাসের মাথায় পাকিস্তানের নেতৃত্বে ফিরলেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০১, ৩১ মার্চ ২০২৪
৫ মাসের মাথায় পাকিস্তানের নেতৃত্বে ফিরলেন বাবর
বাবর আজম

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এরপর কেটে যায় ৫ মাস। নানা নাটকীয়তার পর আবারো সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।

আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগেই দ্বিতীয় দফায় পাকিস্তানের নেতৃত্ব পেয়েছেন বাবর। সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-২০) দলকে নেতৃত্ব দেবেন তিনি। 

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Advertisement

আগামী ১৮ এপ্রিল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের আগেই নেতৃত্বে রদবদল আনলো পিসিবি। এতে এক সিরিজ শেষেই টি-২০তে অধিনায়কত্ব অধ্যায় শেষ হলো শাহিন শাহ আফ্রিদির।

ক’দিন ধরেই দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছিল, আসন্ন টি-২০ বিশ্বকাপের আগমুহূর্তে অভিজ্ঞ বাবর আজমেই ফের ভরসা রাখতে চলেছে পিসিবি। অবশেষে সেটিই সত্যি হলো। 

এর আগে শুক্রবার ক্রীড়াভিত্তিক ওয়েবসাই ইএসপিএন জানায়, বাবরকে প্রস্তাব দিতে এই সপ্তাহের (গত সপ্তাহের) শুরুর দিকে তার সঙ্গে দেখা করেন পিসিবি প্রধান মহসিন। তবে বাবর তিন ফরম্যাটের অধিনায়কত্বই চান বলে জানিয়েছিল ক্রিকইনফো।

সেই প্রতিবেদনে আরো বলা হয়, পাকিস্তানের নেতৃত্বে ফেরার প্রস্তাবে এখনো সম্মতি দেননি বাবর। তবে যদি পিসিবির প্রস্তাবে রাজি হয়ে বাবর ওয়ানডে ও টি-২০র অধিনায়কত্ব নেন, সেক্ষেত্রে নেতৃত্ব হারাবেন শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হার এবং পিএসএলে লাহোর কালান্দার্সের ভরাডুবিই মূলত শাহিনের জন্য কাল হয়ে দাঁড়ায়। এমনকি তার নেতৃত্বের ওপর থেকে আস্থা হারায় পিসিবি।

প্রসঙ্গত, ২০১৯ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পেয়েছিলেন বাবর আজম। এছাড়া ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। অবশ্য তার নেতৃত্বে এখনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। যদিও র‌্যাঙ্কিংয়ে বেশ কবারই দাপট দেখিয়েছে মেন ইন গ্রিনরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!