ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৪

জমজমাট আইপিএলের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ২২ মার্চ ২০২৪
জমজমাট আইপিএলের পর্দা উঠছে আজ
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠছে আজ। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি  দিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারবে অনেক ক্রিকেটারই। তবে ভারতের ক্রিকেটারদের জন্য এবারের আইপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বকাপের আগে কোন দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ নেই দেশটির। স্বাভাবিকভাবেই লিগটি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে তাদের কাছে।

শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

এদিকে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ, চলতি বছর ছয় সপ্তাহ ধরে চলবে দেশটির সাধারণ নির্বাচন। প্রথম ১৫ দিনের সূচিতে খেলা হবে ২১টি ম্যাচ। দশ দলকে নিয়ে আট সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে গতবারের আইপিএল।

Advertisement

এবারের আসরের শুরু থেকে স্পটলাইটে থাকবেন বিরাট কোহলি ও রিশাভ পান্ট। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলেননি কোহলি। সিরিজ চলাকালীন দ্বিতীয়বারের মত বাবা হন তিনি। আর ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দূর্ঘটনার পর প্রায় ১৫ মাস ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পান্ট। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে এবারের আসরে খেলবেন তিনি।

নতুন অধিনায়কের অধীনে আইপিএল শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। রোহিতকে নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না, রোহিতের সাথে খেলতে কোন সমস্যা হবে। আমি আমার পুরো ক্যারিয়ার তার অধীনে খেলেছি এবং আমি জানি সে সবসময় আমাকে সহায়তা করবে।’

গত বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম শিরোপা জিতেছিল চেন্নাই। পঞ্চম শিরোপা জয়ের পর আইপিএলে নিজের খেলা নিয়ে ৪২ বছর বয়সী ধোনি বলেছিলেন, ভক্তদের আরো একটি বছর ‘উপহার’ দিবেন।

হাটুঁর ইনজুরি নিয়ে গত বছর আইপিএল মাতিয়েছেন ধোনি। হাঁটুর অস্ত্রোপচারের পর এবার ফিট হয়েই মাঠে নামবেন তিনি। চেন্নাইয়ের ব্যাটিং কোচ সাবেক অজি তারকা মাইক হাসি বলেন, ‘সে (ধোনি) সত্যিই ভালো প্রস্তুতি নিচ্ছে। এখন তার হাঁটু ভালো অবস্থায় আছে এবং সে খুবই ভালো ব্যাটিং করছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!