ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইপিএল-২০২৪

দল না পেলেও আইপিএল মাতাবেন স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ১৯ মার্চ ২০২৪
দল না পেলেও আইপিএল মাতাবেন স্মিথ
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠবে শুক্রবার। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে ২৬ মে পর্যন্ত। বরাবরের মতো বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে ভালো দামে দল পেয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। কিন্তু গত দুই মৌসুমের মতো এবারো আইপিএলে কোনো দল পাননি অজি তারকা স্টিভ স্মিথ।

দল না পেলেও আইপিএলের ১৭তম আসরের অংশ হবেন স্মিথ। এবারের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মূলত মাইক্রোফোন হাতে ধারাভাষ্য কক্ষে থাকবেন সাবেক অজি দলপতি।

রোববার আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টারদের পক্ষ থেকে দেশি ও বিদেশি ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে জায়গা করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটের নামীদামি তারকারা। তালিকায় থাকা ১৫০জন ধারাভাষ্যকারের মধ্যে স্মিথের পাশাপাশি আরেকটা নাম আলাদা করে নজর কেড়েছে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া স্টুয়ার্ট ব্রডও আছেন সেখানে।

Advertisement

এবারের আইপিএলে হিন্দি, ইংরেজি ছাড়াও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় ধারাবিবরণী শোনা যাবে। হিন্দি ভাষায় ধারাভাষ্য কক্ষে থাকবেন হরভজন সিং, আম্বাতি রাইডু, রবি শাস্ত্রী, ইরফান পাঠান, ইমরান তাহির, মোহাম্মদ কাইফরা। মোট ১৯ জনকে তালিকায় রাখা হয়েছে হিন্দিতে ধারা বিবরণীর জন্য।

এছাড়া ইংরেজি ধারা-বর্ণনায় থাকবেন ২৭ জন। তারা হলেন- স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, জ্যাক ক্যালিস, পল কলিংউড, টম মুডি, সুনীল গাভাষ্কার, রবি শাস্ত্রী, আঞ্জুম চোপড়া, হার্শা ভোগলে, মার্ক হাওয়ার্ড, ম্যাথু হেইডেন, ব্রায়ান লারা, সঞ্জয় মাঞ্জরেকার, অ্যারন ফিঞ্চ, মুরালি কার্তিক, নিক নাইট, ইয়ান বিশপ, কেভিন পিটারসেন, মাইকেল ক্লার্ক, সাইমন ক্যাটিচ, ক্যাটি মার্টিন, গ্রায়েম সোয়ান, পমি মবাঙওয়া, ডাব্লিউভি রমন, নাটালি জারমন্স, ড্যারেন গঙ্গা এবং রোহান গাভাস্কার।

ইংরেজি ও হিন্দি বাদেও তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, মালায়ালাম, বাংলাসহ আরও কিছু ভাষায় শোনা যাবে এবারের আইপিএলের ধারাভাষ্য।

এবারের আইপিএলের জন্য এখন পর্যন্ত প্রথম পর্বের ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ পর্ব শেষ হবে ৭ এপ্রিল। এরপর দেশটির জাতীয় নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে পরবর্তীতে বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ করবে দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!