ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মন্টে কার্লো দিয়েই টেনিসে ফিরছেন নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২৯, ১৪ মার্চ ২০২৪
মন্টে কার্লো দিয়েই টেনিসে ফিরছেন নাদাল
রাফায়েল নাদাল

আগামী মাসে ক্লে কোর্ট টুর্নামেন্ট মন্টে কার্লোর মাধ্যমে এটিপি ট্যুরে ফেরার আশা করছেন রাফায়েল নাদাল। টুর্নামেন্ট আয়োজক সূত্রে এ কথা জানা গেছে।

এ সম্পর্কে টুর্নামেন্ট পরিচালক ডেভিড মাসেই প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কেউ জানে না সে কি করছে। কিন্তু আমি তাকে ব্যক্তিগত কোর্টে কোচের অধীনে অনুশীলন করতে দেখেছি। তার মধ্যে কোর্টে ফেরার আকাঙ্খা আমি লক্ষ্য করেছি।

কঠোর পরিশ্রম করেই নাদাল এ পর্যন্ত এসেছে। সে এমনভাবে বলগুলো হিট করছিল যা আগে কখনো দেখা যায়নি। কিছুটা অস্বস্তি এখনো তার মধ্যে আছে। সে কারণেই সে ভীত, ইন্ডিয়ান ওয়েলসে না খেলারও সিদ্ধান্ত নিয়েছে।’

Advertisement

২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল এ সপ্তাহে এটিপি র‌্যাঙ্কিংয়ে ৬৫২ নম্বরে নেমে গেছেন। ২০২৪ মৌসুমের প্রথম ক্লে কোর্ট মাস্টার্স ১০০০ ইভেন্ট মন্টে কার্লোতে মূল ড্র’তেই তিনি খেলার সুযোগ পাবেন। 

ক্যারিয়ারে এ পর্যন্ত ১১বার নাদাল এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছেন। কিন্তু ২০১৮ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর ২০১৯ সালে সেমিফাইনাল, ২০২১ সালে কোয়ার্টার ফাইনালে খেলা নাদাল ২০২০, ২০২২ ও ২০২৩ সালে খেলতে পারেননি।’

বিভিন্ন ধরনের ইনজুরির কারণে ২০২৩ সালের প্রায় পুরোটাই কোর্টের বাইরে ছিলেন নাদাল। এ বছর শুধুমাত্র ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলেছেন। সেখানে নেমে আবারো কোমরের ইনজুরিতে পড়েছেন।

এ কারণে নাদালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টে ৩৭ বছর বয়সী এ তারকার ফেরার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে তিনি হার্ড কোর্ট এই ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। 

আগামী ৭ এপ্রিল মন্টে কার্লো মাস্টার্স শুরু হচ্ছে। এর মাধ্যমে ক্লে কোর্ট মৌসুমও শুরু হবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নাদাল হয়তোবা ক্যারিয়ারে শেষবারের মত ফ্রেঞ্চ ওপেন খেলার জন্য প্রস্তুতিও সেড়ে নিবেন।

রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করেছেন স্প্যানিশ তারকা নাদাল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!