ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১০ মার্চ ২০২৪
ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে ভারত
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় ক্রিকেট দল। ৪-১ ব্যবধানে সিরিজ জিতে আইসিসির র‌্যাংকিংয়েও দাপট দেখিয়েছে মেন ইন ব্লুজরা। অস্ট্রেলিয়াকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রোহিত শর্মার দল। 

শুধু টেস্টেই নয়, ক্রিকেটের তিন সংস্করণেই এখন এক নম্বরে ভারত। 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও নিজেদের দখলে রেখেছেন রোহিত শর্মারা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় তাদের এখানে পৌঁছে দেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ এ ড্র করে গত জানুয়ারিতে দুইয়ে নেমে গিয়েছিল ভারত।

Advertisement

অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষে উঠে আসে অস্ট্রেলিয়া। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে জায়গার অদল বদল হলো এই দুই দেশের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ জিতলেও দ্বিতীয়স্থানেই থাকবে অস্ট্রেলিয়া। এতে ভারতের শীর্ষস্থানের কোনো হেরফের হবে না। তাদের রেটিং পয়েন্ট ১২২ আর অস্ট্রেলিয়ার ১১৭।
 
ভারতের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেও তিন নম্বরে আছে বেন স্টোকসের ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১১। ১০১ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড আর  ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। 

এরপর ৬, ৭ এবং ৮ নম্বরে যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা। ৫১ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!