বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ায় এল সালভাদর ও চারদিন পর লস অ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এএফএ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে চীনের হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। গত ৪ ফেব্রুয়ারি মেসি ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে খেলতে পারেননি। তাই চীন ম্যাচ দুটি বাতিল করেছে।
.png)
হংকংয়ের মেসির না খেলার বিষয়টিকে চীন রাজনৈতিকভাবে খাটো হয়েছে বলে দাবী মনে করছে। যদিও মেসি জানিয়েছেন শুধু ইনজুরির কারণেই তিনি খেলতে পারেননি। এখানে অন্য কোন বিষয় জড়িত নয়।
আট বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি চাইনিজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফরে হংকং বাছাই একাদশের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মেসির না খেলাটা কোনভাবেই মেনে নেয়নি সমর্থকরা।
ম্যাচটি দেখার জন্য প্রায় ৪০ হাজার টিকেট কিনেছিল দর্শকরা। এমনকি ৩৬ বছর বয়সী প্রিয় তারকাকে দেখতে এক হাজার হংকং ডলারের টিকেটও বিক্রি হয়েছিল।
ম্যাচে মেসিকে দেখতে না পেয়ে সমর্থকরা ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। আয়োজকদের কাছে তারা টিকেটের অর্থ ফেরতেরও দাবী জানায়।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। ২০২১ সালে ব্রাজিলে সর্বশেষ শিরোপা জয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে মাঠে নামবে।