বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত জেতে ১০৬ রানে। রাজকোটে এবার তৃতীয় টেস্টে ভারত সেটাকে ছাড়িয়ে গেল বহুদূর। ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।
রাজকোটে চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমিছিল ইংল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি তাদের। আর সেই ধাক্কা সামলে নেয়ার আগেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ খুইয়েছে সফরকারীরা।
.png)
দলীয় ১৫ রানেই ভেঙে যায় ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের প্রথম বলে জাসপ্রীত বুমরাহকে মিড অনে ঠেলে সিঙ্গেল নিতে যান বেন ডাকেট। অনেকটা এগিয়ে গেলেও ডাকেটকে কোনো সাড়া দেননি ক্রলি। যতক্ষণে ডাকেট স্ট্রাইক প্রান্তে পৌঁছে গেছেন, ততক্ষণে মিড অন থেকে থ্রো করেন মোহাম্মদ সিরাজ। এরপর ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেল বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন।
পরে নবম ওভারের দ্বিতীয় বলে ক্রলিকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন বুমরাহ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্রলি। দুই ওপেনারকে হারিয়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ২ উইকেটে ১৮ রান। এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় সেশন।
এরপর যখন তৃতীয় সেশনের খেলা শুরু হয়, তখন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে যেন চোখে সর্ষে ফুল দেখতে থাকে ইংল্যান্ড।
টস জিতে রাজকোটে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ও রবীন্দ্র জাদেজার জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৪৫ রান করে ভারত। ১৯৬ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১৩১ রান করেন রোহিত। এটা তাঁর ১১ তম টেস্ট সেঞ্চুরি। এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়েছে।
ইনিংস সর্বোচ্চ ১৫৩ রান করেন বেন ডাকেট। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।