স্প্যানিশ অনলাইন মিডিয়া এল অবজেকটিভ ডে লা সেকটাতে দেওয়া এক সাক্ষাৎকারে নাদালকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে সেরা?’ এসময় তিনি অকপটে স্বীকার করেন, ‘পরিসংখ্যান সব বলে দিচ্ছে। হ্যাঁ আমার কাছেও ইতিহাসের সেরা খেলোয়াড় জকোভিচ।’
স্প্যানিশ তারকা নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাড়িয়ে জকোভিচ সর্বোচ্চ ২৪টি শিরোপা জয় করেছেন। এত বড় সাফল্য সত্ত্বেও বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তার কোর্টের বাইরের বিতর্ক নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন।
.png)
এ সম্পর্কে নাদাল বলেন, ‘যে ধরনের ইমেজ তাকে নিয়ে রচিত হয়েছে প্রকৃত সত্য আসলে তা নয়। আমি মনে করি সে একজন ভাল মানুষ। কিছু কিছু হতাশাজনক মুহূর্ত সকলেরই আসে।
নোভাক হয়তো হতাশা থেকে কোন ম্যাচে র্যাকেট ভেঙ্গেছেন। কিন্তু তার পরমুহূর্তেই আবারো সে ম্যাচে ফিরে এসে শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। একজন খেলোয়াড়ের এই গুন আমি অন্য কারো মধ্যে দেখিনি।’
৩৭ বছর বয়সী নাদাল বর্তমান ইনজুরির সঙ্গে লড়াই করছেন। কোমরের ইনজুরির কারণে ২০২৩ সালের প্রায় পুরোটাই কোর্টের বাইরে ছিলেন। গত মাসে আবারো ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি।
ক্যারিয়ারের শেষ সময়ে এসে স্বদেশী উঠতি তারকা কার্লোস আলকারাজের ভূয়সী প্রশংসা করেছেন নাদাল। এরই মধ্যে মাত্র ২০ বছর বয়সী আলকারাজ দুটি গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন।
নাদাল বলেন ‘কার্লোস একজন অসাধারণ খেলোয়াড়। একজন পরিপূর্ণ টেনিস খেলোয়াড়ের সব গুন তার মধ্যে আছে। এই বয়সে তার মধ্যে কোন ধরনের দুর্বলতা আমি দেখতে পাইনি।’