মঙ্গলবার মিরপুরে সিলেটের দেওয়া ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি তুলে নেন বাবর আজম। তার ফিফটিতে ভর করেই বিপদমুক্ত হয় রংপুর। পরে আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্যামিও ইনিংসে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।
ম্যাচ জয়ের পর সংবাদ মাধ্যমকে বাবর বলেন, ‘ভক্তদের উদ্দেশ্যে আমি শুধু বলব, রংপুর রাইডার্সকে সমর্থন করুন এবং স্টেডিয়ামে এসে দলের খেলা দেখুন।’ নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি আরো বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রা শেষে এসেছি। দু’টি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রামের মাধ্যমে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছি। যখনই খেলতে নামি প্রত্যাশা উঁচুতে থাকে।’
.png)
বাবর আজমের বিপিএল শুরুর দিন খেলতে পারেননি রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। চোখের সমস্যায় ভুগছেন তিনি। তবে সাকিব দলে থাকা যে বড় প্রাপ্তি সেটা অকপটে জানিয়েছেন বাবর, ‘তিনি একজন কিংবদন্তি এবং খুবই অভিজ্ঞ। আমার জন্য ভালো ব্যাপার হচ্ছে, আমাদের একজন সাকিব আছেন।’
বাবর আজম দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন তিনি। ঢাকার উইকেট সম্পর্কে তার ধারণা থাকা স্বাভাবিক। বাবর জানিয়েছেন, ঢাকার উইকেটে একটা রহস্য লেগেই থাকে, ‘এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। সত্যি বলতে, তবু আমি এই উইকেটের আচরণ সম্পর্কে তেমন কিছু বলতে পারবো না। এটি প্রতিবার ভিন্ন আচরণ করে। এখানে বড় চ্যালেঞ্জ স্পিন।’