সিঙ্গাপুরে তিন চিকিৎসকের শরণাপন্ন সাকিব
চোখের উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সেখানেই এরই মধ্যে দুই চিকিৎসককে চোখ দেখিয়েছেন তিনি। আজ আরো একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের একটি সূত্র বলে, ‘সাকিবের চিকিৎসা কিন্তু শেষ হয়নি। তিনি ওখানে সোমবার দুজনকে দেখিয়েছেন, আজ (মঙ্গলবার) তৃতীয় একজন চিকিৎসককে দেখাবেন। সবগুলো রিপোর্ট পেলে আমরা তার চোখের সমস্যার পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’
চোখের অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে দিয়েছেন সাকিবকে। আজ তৃতীয় চিকিৎসক দেখিয়ে এরপর বোর্ডের মেডিক্যাল বিভাগ ঠিক হবে সাকিবের চিকিৎসার ধরন। সেই সূত্র বলেন, ‘সাকিব সিঙ্গাপুরে একাধিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়েছেন। সবগুলো রিপোর্ট পেতে আরো কিছুদিন সময় লাগবে। এরপর তার চিকিৎসা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সাকিবের বাঁ চোখে রেটিনায় তরল জমে যাওয়ার সমস্যাটা গুরুতর হয়ে উঠেছে। এই রোগের ছোট নাম সিএসসিআর। রোগটি ওষুধেও সেরে গেলেও অবস্থা গুরুতর হলে লেজার বা ইনজেকশন নিতে হয়। সাকিবের সমস্যা এখন সেই অবস্থায় গিয়ে ঠেকেছে। পুরোপুরি সেরে উঠতে চোখে অস্ত্রোপচার লাগতে পারে বলেও শঙ্কা আছে।