ভারতের মাটিতে টেস্ট সিরিজে বড় পরীক্ষা দিতে হবে স্টোকসদের। এমনই মনে করছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। যদিও তিনি দলের আগ্রাসী ক্রিকেটে পরিবর্তন চান না।
ম্যাককালাম কোচ হওয়ার পর থেকে আগ্রাসী মেজাজে টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ড। যে ক্রিকেটকে বলা হচ্ছে ‘বাজবল।’ ভারতের পিচে ‘বাজবল’ ক্রিকেট কতটা সফল হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
.png)
গাভাস্কারের মতে, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের মোকাবিলার জন্য বিরাট কোহলির ফর্মই যথেষ্ট। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেটের ওষুধ রয়েছে তাদের কাছে।
স্টোকসদের সতর্ক করে গাভাস্কার বলেছেন, ‘বাজবল’ মোকাবিলা করার জন্য ভারতের হাতে রয়েছে ‘বিরাটবল’। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮টি টেস্টে ৪২.৩৬ গড়ে ১৯৯১ রান রয়েছে কোহলির।
গাভাস্কার বলেন, ‘একজন ব্যাটারের হাফ সেঞ্চুরির চাইতে সেঞ্চুরি সংখ্যা বেশি মানে তার বড় ইনিংস খেলার দক্ষতা রয়েছে। ইনিংসকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা তার বেশি।’
ভারতের সাবেক অধিনায়ক এরপর বলেন, ‘এখন কোহলি যেভাবে ব্যাট করছে, বোঝাই যাচ্ছে ফর্মে রয়েছে। ওর নড়াচড়া বেশ ভাল হচ্ছে। অর্থাৎ ‘বাজবল’ মোকাবিলা করার জন্য আমাদের কাছে ‘বিরাটবল’ আছে।’
অবশ্য ইংল্যান্ডকে হালকাভাবে দেখতে নারাজ গাভাস্কার। তিনি বলেন, ‘গত এক-দু’বছরে ইংল্যান্ড খেলার একটা ধরন রপ্ত করেছে। আগ্রাসী ক্রিকেট খেলছে। ব্যাটাররা দ্রুত রান তুলছে। প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করছে।’
তিনি যোগ করেন, ‘ম্যাচের পরিস্থিতি যেমনই থাক, ওরা আগ্রাসী ক্রিকেটই খেলতে চাইছে। ওদের এই পদ্ধতি ভারতের স্পিনারদের বিরুদ্ধে কতটা কার্যকর হয়, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। ব্যাপারটা বেশ আকর্ষণীয় হতে পারে।’