২০১৯ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্স করার পরও শান্তকে সুযোগ দিচ্ছিলেন সে সময় খুলনার কোচের দায়িত্বে থাকা মাহেলা জয়াবর্ধনে। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ হওয়ায় একাদশ থেকে নিজ থেকেই সরে যেতে চেয়েছিলেন শান্ত।
তবে শান্তর ওপর থেকে আস্থা হারাননি কোচ জয়াবর্ধনে। সে সময় খুলনার কোচের বক্তব্য ব্যাপকভাবে অনুপ্রাণিত করে শান্তকে। দেশের এক গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শান্ত ২০১৯ বিপিএলের সেই সময় নিয়ে কথা বলেছেন।
.png)
জয়াবার্ধনের মতো ক্রিকেটারের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়া সে সময় অনুপ্রাণিত করেছিল শান্তকে। তিনি বলেন, জয়াবর্ধনের বক্তব্য আমাকে অনেক সাহায্য করেছে। আমি নিজেই ছয় ম্যাচ পর বলেছিলাম আমাকে ড্রপ করে দিতে।
এরপর শান্ত বলেন, সে সময় জয়াবর্ধনে আমাকে ব্যাপক অনুপ্রাণিত করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি যদি এক ম্যাচেও রান না করো তারপরও তুমি সব ম্যাচ খেলবে। আমি তখন প্রশ্ন করেছিলাম, কেন? আমার মধ্যে কী এমন আছে যে তুমি আমাকে খেলাবে?
জয়াবর্ধনে কি বলেছিলেন তা জানিয়ে সাক্ষাৎকারে শান্ত বলেন, জয়াবর্ধনে আমাকে বলে যে, তোমার ফিল্ডিং, তোমার ওয়ার্ক এথিক, দলের জন্য খেলার যে ব্যাপারটা, ওটা তোমার আছে। তখন আমার মনে হলো, আমি পারফর্ম করি না করি, আমি তো দলকে ফিল্ডিং করেও কিছু দিতে পারি।