কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্টিভ ওয়াহ ও এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হলেন উইন্ডিজকে প্রথম দুই ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লয়েড।
লয়েড বলেন, ‘আগেও বলেছি এবং আবারো বলছি টি-২০ হচ্ছে প্রদর্শনী ক্রিকেট আর টেস্ট হচ্ছে পরীক্ষা। তরুণদের অভ্যাস হলো মাঠের বাইরে বল পাঠানো, যেন কোথাও তারা চুক্তিবদ্ধ হতে পারে। এমনটা পছন্দ করি না।’
.png)
তরুণ ক্রিকেটাররা যে শেখার পরিবেশ পাচ্ছে না সেদিকটা নিয়েও কথা বলেছেন লয়েড। তিনি বলেন, ‘আমরা সেই সময়ে ফিরে যেতে পারি। যখন কোথাও সফরে গিয়ে তরুণদের প্রস্তুত হওয়ার পথটাও করে দেওয়া হতো। কিন্তু এখন সেটা দেখতে পারবেন না। যদি ইংল্যান্ড সফরে যান দেখবেন দুই ধরনের খেলা হয়—টেস্ট ও ওয়ানডে। এরপর সফর শেষ...।’
৭৯ বছর বয়সী এ কিংবদন্তি আরো বলেন, ‘কিন্তু এখন তারা (তরুণ) দেশটা সম্বন্ধে কিছু শেখে না। এতে করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতে কীভাবে ক্রিকেট খেলতে হয় এ সবের কিছুই তারা শেখার সুযোগ পায় না।’