এমন ম্যাচে নারী ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে নতুন একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলি। মেয়েদের ক্রিকেটে অধিনায়ক–উইকেটরক্ষকের দ্বৈত ভূমিকায় খেলতে নামা কোনো ব্যাটারের শতক নেই! এই প্রথম আজ হিলির ব্যাটে ৮০ পেরোনো ইনিংসই দেখা গেল। তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ না করতে পারলেও নতুন রেকর্ডই গড়লেন অ্যালিসা হিলি।
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৮২ রান করেছেন হিলি, মেয়েদের ওয়ানডে যেটি এখন কোনো অধিনায়ক-উইকেটরক্ষরের সর্বোচ্চ রানের ইনিংস।
.png)
এই ইনিংসের মধ্য দিয়ে হিলি ভেঙেছেন নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডির রেকর্ড। এর আগে তার ৭৬ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। যা তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন, ২০২২ সালে।
এদিকে অধিনায়ক-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখন তিনে বাংলাদেশের নিগার সুলতানা। বাবেত্তের রেকর্ডটা ২০২২ সালেই ভাঙার সুযোগ এসেছিল তার সামনে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানে আউট হয়ে যান নিগার।
এ তালিকায় চার ও পাঁচে যথাক্রমে উইন্ডিজের মেরিসা আগুইলেইরা ও দক্ষিণ আফ্রিকার মিগনন ডু প্রি। দুজনই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন।
মেয়েদের ওয়ানডেতে অধিনায়ক-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ রানের ৫ ইনিংস
| তারিখ | ব্যাটার | ভেন্যু | রান |
| ২ জানুয়ারি ২০২৪ | অ্যালিসা হিলি | মুম্বাই | ৮২ |
| ২৬ আগস্ট ২০২২ | বাবেত্তে ডি লিডি | হেগ | ৭৬ |
| ১১ ডিসেম্বর ২০২২ | নিগার সুলতানা জ্যোতি | ওয়েলিংটন | ৭৩ |
| ৩০ আগস্ট ২০১১ | মেরিসা আগুইলেইরা | কিংসটাউন | ৭১ |
| ১৮ নভেম্বর ২০১১ | মিগনন ডু প্রি | বিকেএসপি | ৬৫ |