ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবলারদের নিরাপত্তা নিয়ে গার্দিওলার উদ্বেগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৩
ফুটবলারদের নিরাপত্তা নিয়ে গার্দিওলার উদ্বেগ
পেপ গার্দিওলা

পেপ গার্দিওলার অধীনে খেলা সম্পর্কে বহু খেলোয়াড়ই বিভিন্ন সময় নানারকম মন্তব্য করেছেন। খেলোয়াড়দের প্রতি স্প্যানিশ এই কোচের নজরদারি নিয়ে আছে নানা মন্তব্য। ম্যানেজার গার্দিওলা খেলোয়াড়দের সাধারণ জীবন নিয়েও ভীষণ খেয়ালি।

আর তাই যেন জ্যাক গ্রিলিশের বাসায় বড় রকমের চুরির পরে গার্দিওলাকে শুনতে হলো প্রশ্ন। এভারটনের বিপক্ষে ম্যাচ চলাকালে বড় রকমের চুরির ঘটনা ঘটে দলের নির্ভরযোগ্য উইঙ্গার জ্যাক গ্রিলিশের বাসায়। যে সময় চুরি হচ্ছে, তখন গ্রিলিশ ছিলেন মাঠে।

পুলিশের এক মুখপাত্র দ্য সানকে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। জানা যায়, বুধবার রাতে এভারটনের বিপক্ষে সিটিজেনদের ম্যাচ গ্রিলিশের বাসায় বসে দেখছিলেন তার পরিবারের সদস্যরা। গ্রিলিশের বাগদত্তা ছাড়াও সে সময় বাসায় ছিলেন তার মা, বাবা, দুই বোন এবং ভাই।

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হেলিকপ্টার দিয়ে পুরো এলাকায় অভিযান চালায়। তবে এর আগেই ১ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় অপরাধীরা। বর্তমানে চুরির এ ঘটনা তদন্ত করছে চেস্টারশায়ার পুলিশ। 

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সিটিজেনদের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বড় আকারের এই চুরির ইস্যুতে কোচ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়। তখন গার্দিওলার সহজ জবাব, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমাতে হবে। লোকে কম জানলেই বরং নিরাপদ।

তিনি বলেন, ‘এখন সাবধান থাকতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি থাকা যাবে না। লোকে আপনার ব্যাপারে যত কম জানবে, ততই ভালো। কে কী করছে, কোথায় আছে- লোকে এসব ব্যাপার জানার জন্য অপেক্ষা করে।’

খেলোয়াড়দের সতর্ক করে গার্দিওলার বক্তব্য, ‘ওদের (গ্রিলিশ) নিরাপত্তাব্যবস্থা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটার শিকার হলো। এমন ঘটনা অনেকবার ঘটেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরাও এর শিকার হয়েছেন। আমি লন্ডনের ব্যাপারে তেমন কিছু জানি না, তবে (সেখানে) এটা ঘটেছে।

এই কোচ যোগ করেন, ‘শুধু লন্ডন নয়, কাতালুনিয়া যেখানে আমার পরিবার বসবাস করে, সেখানেও এমন অনেক ঘটনা ঘটে। মানুষের শ্রেণির মধ্যে বড় পার্থক্য রয়েছে। একদিকে যেমন প্রচুর টাকা-পয়সাওয়ালা মানুষ, অন্যদিকে তেমনি কষ্টে দিন পার করা মানুষও আছে।’ 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!