ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গার্দিওলা বললেন, ‘এ কারণেই আমরা বিশ্বচ্যাম্পিয়ন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২৮ ডিসেম্বর ২০২৩
গার্দিওলা বললেন, ‘এ কারণেই আমরা বিশ্বচ্যাম্পিয়ন’
ছবি- সংগৃহীত

কোচ হিসেবে ম্যানচেস্টার সিটিকে সব ট্রফিই জিতিয়েছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা। গত মৌসুমে সিটিজেনদের ট্রেবল জিতিয়েছেন। এরপর প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপাও এনে দিয়েছেন তিনি। কিন্তু নতুন মৌসুমে সেই সব ট্রফি ধরে রাখতে গিয়ে ভালোই চ্যালেঞ্জের মুখে পড়েছেন সিটিজেনদের এ কোচ।

অন্য কোনো টুর্নামেন্টে গার্দিওলা এখন পর্যন্ত চ্যালেঞ্জের মুখে না পড়লেও প্রিমিয়ার লিগে পড়েছেন। সেটিও বেশ ভালোই। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা এবার অর্ধেকের বেশি ম্যাচ শেষে চারে অবস্থান করছে। সেটিও বুধবার এভারটনের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর। অন্যথা তালিকার ছয়ে থাকতে হতো তাদের।

লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে না পারায় এভারটনের মতো বড় দলের বিপক্ষে জয়কে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন গার্দিওলা। ঘুরে দাঁড়ানোর পর তাই হুংকার ছেড়েছেন তিনি। ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে সিটিজেন কোচ বলেছেন, ‘এ কারণেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বের সেরা দল। এখন থেকে প্রতিদিন মনে করিয়ে দিতে চাই। আমাদের মান ধরে রাখতে হবে।’

Advertisement

গতকাল এভারটনের মাঠে ৩-১ গোলের জয়ের ম্যাচে একটি করে গোল করেছেন ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ ও বার্নাদো সিলভা। জয়ের আগে অবশ্য ২৯ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়েছিল সিটি। এভারটনকে লিড এনে দিয়েছিলেন জ্যাক হ্যারিসন। 

এ জয়ে একটি রেকর্ডও গড়েছেন গার্দিওলা। এভারটনের কোচ শন ডাইচের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ জেতা কোচও এখন তিনি। সব মিলিয়ে মুখোমুখি ১৭ ম্যাচের ১৬ টিতেই জয় পেয়েছেন ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ। অন্যটি ড্র হয়েছে। সঙ্গে গোলের অর্ধশতও পূরণ করেছেন। ডাইচের ৬ গোলের বিপরীতে ৫২ গোল দিয়েছে গার্দিওলার শিষ্যরা।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটি মাত্র জয় পেয়েছে ম্যানসিটি। হারও অবশ্য একটি। কিন্তু বাকি ম্যাচ ড্র করায় শিরোপা ধরে রাখার মিশন থেকে অনেকটা পিছিয়ে পড়েছে তারা। ১৮ ম্যাচে তাদের ৩৭ পয়েন্টের বিপরীতে ৪২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে লিভারপুল। অবশ্য চূড়ায় থাকা দলটি একটি ম্যাচ বেশি খেলেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!