ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচির অপেক্ষায় আয়োজকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ২৬ ডিসেম্বর ২০২৩
২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচির অপেক্ষায় আয়োজকরা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ সালে বর্ধিত কলেবরে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে স্বাগতিক শহরগুলোর ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। অপেক্ষা এখন ম্যাচ সূচির।

বিশ্বকাপের স্বাগতিক শহর ও ফিফার বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, আগামী মাসে বিশ্বকাপের ম্যাচ সূচি ঘোষণা হতে পারে। এর মধ্যে কিছু কিছু সম্ভাব্য ইঙ্গিত আগেই পাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

এখনো অবশ্য বাছাইপর্বের খেলা শেষ হতে দেরী আছে। কিন্তু ম্যাচ সূচি পাওয়া গেলে অন্তত স্বাগতিক শহরগুলো সেভাবে তাদের পরিকল্পনা সাজাতে পারবে। বিশেষত কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যাবে, কোন ম্যাচ কখন তারা আয়োজন করতে যাচ্ছে।

Advertisement

এছাড়া উদ্বোধনী, নক আউট রাউন্ডের ম্যাচ ও ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেও ভেন্যুগুলোর সুবিধা হবে। অবশ্য ২০২৬ আসরের সূচি প্রকাশ নিয়ে কোন মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বেশ কিছুদিন ধরেই এই ঘোষণা দেওয়া হবে বলে ইঙ্গিত ছিল। খোদ ফিফাই প্রতিশ্রুতি দিয়েছিল এ ব্যপারে কিছু একটা আপডেট তারা জানাবে। কিন্তু বছর শেষেও কিছু জানতে না পারায় স্বাগতিক শহরগুলো টুর্নামেন্টের পরিকল্পনা সাজাতে গিয়ে বিপাকে পড়েছে। 

কানসাস সিটির বিশ্বকাপ আয়োজক সংস্থার প্রধান নির্বাহী ক্যাথেরিন হোলান্ড আশা করছেন জানুয়ারির শুরুতেই তারা সূচি হাতে পাবেন। এ সম্পর্কে হোলান্ড বলেছেন, ‘আমার কাছে মনে হয় না এ বিষয়ে তারা আর বেশি দেরী করবে।

বিশেষ করে স্বাগতিক শহরগুলো নিজেদের প্রস্তুত করে আয়োজক সংস্থার কাছে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে চাইবে। আর এ জন্য নিজেদের প্রস্তুতির একটি বিষয় আছে। আমি বিশ্বাস করি সংশ্লিষ্টরা এ ব্যাপারটি অবশ্যই বুঝতে পারবে।’

যুক্তরাষ্ট্রের যে কয়টি শহর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা জানিয়েছে, নিজেদের মধ্যে প্রতিনিয়ত তারা বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ রক্ষা করে চলেছে। সম্প্রতি মেক্সিকো সিটিতে সবগুলো শহর একটি সভায় মিলিত হয়েছিল।

বছর শেষের এই সময়টাতে সাধারণত অনেকেই দুই সপ্তাহের ছুটিতে থাকেন। সে কারণে ঠিক এই মুহূর্তে কোন ধরনের সূচি ঘোষণা করলেও তা অনেক আয়োজককে অস্বস্তিতে ফেলতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!