ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খাজার নতুন পরিকল্পনাতেও আইসিসির ‘আপত্তি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ২৪ ডিসেম্বর ২০২৩
খাজার নতুন পরিকল্পনাতেও আইসিসির ‘আপত্তি’
ছবি- সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থন জানাতে ভিন্ন পন্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। শুরুতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন তিনি। তবে তার পরিকল্পনায় বাধা দেয় আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।

রাজনৈতিক কারণ দেখিয়ে খাজাকে এই জুতা পরে খেলার অনুমতি দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির আপত্তিতে অবশ্য থেমে ছিলেন না খাজা, পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলেন তিনি। কিন্তু এজন্য অজি ব্যাটারকে তিরস্কার শুনতে হয়েছে। তবে এত কিছু হওয়ার পরও দমিয়ে যাননি ৩৬ বছর বয়সী ব্যাটার। 

আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে নতুন পরিকল্পনা নিয়ে নামার চিন্তা করেছেন খাজা। কিন্তু এবারও বাধা দিয়েছে আইসিসি। 

Advertisement

মেলবোর্নে টেস্টে জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রার লোগো লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি আইসিসি। তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটারকে এবারও অনুমতি দেয়নি তারা।

বেশ কিছু দিন ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করে আসছিলেন খাজা। এমন কিছু করবেন যেন কারো আপত্তি থাকবে না। সেই চিন্তা থেকেই শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHR’ লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। কেননা ‘01: UDHR’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়।

এমন পরিকল্পনা কেন করেছেন তার ব্যাখ্যা গত শুক্রবার দিয়েছেন খাজা। তিনি বলেন, ‘ইনস্টাগ্রামে দেখলেই নিরীহ শিশুদের মারা যাওয়ার ভিডিও দেখতে পাই। এ সবে প্রচণ্ডরকম মানসিক আঘাত পাই। আমার ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ইচ্ছা নেই। আমি আবেগের সঙ্গে কি অনুভব করছি এবং সত্যিকার অর্থে যা মনে করি, তার ওপর আলোকপাত করছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: উসমান খাজা
লিংক সফলভাবে কপি হয়েছে!