ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবার আইসিসিকে খাজার চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ২২ ডিসেম্বর ২০২৩
এবার আইসিসিকে খাজার চ্যালেঞ্জ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সফরকারীদের বিপক্ষে বিশেষ বুট পায়ে মাঠে নামতে চেয়েছিলেন উসমান খাজা। তবে আইসিসির নিষেধাজ্ঞার বেড়াজালে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। তবে পার্থে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন এই অজি ওপেনার। 

আন্তর্জাতিক ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলতে হলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির থেকে অনুমতির প্রয়োজন হয়। কিন্তু পার্থে অনুমতি ছাড়া আর্মব্যান্ড পরার কারণে খাজাকে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন খাজা।

বৃহস্পতিবার আইসিসির একজন মুখপাত্র বলেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির পূর্বানুমতি ছাড়াই উসমান ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন। এটি ‘অন্যান্য নিয়ম ভঙ্গের’ আওতায় পড়ে, প্রথম অপরাধে যেটির শাস্তি তিরস্কার।’

আইসিসির ‘তিরস্কার’ সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে উসমান খাজা। তিনি বলেন, ‘দ্বিতীয় দিনে (পার্থ টেস্টের) তারা আমাকে জিজ্ঞেস করেছিল কালো ফিতা বাঁধার কারণ এবং আমি তাদেরকে জানাই যে, ব্যক্তিগত একটি শোকের ঘটনায় এটি করেছি। কখনোই বলিনি এটা অন্য কিছুর জন্য।’

খাজা বলেন, ‘আইসিসির নিয়মকানুন শ্রদ্ধা করি অবশ্যই। তবে তাদেরকে আমি এটা নিয়ে জিজ্ঞেস করব এবং লড়াই করব যেন তারা এটিকে ন্যায্য ও সবার জন্য সমান করে তোলে এবং এসব আইনের ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক হয়। সেই ধারাবাহিকতা এখনও নেই। আমার ব্যাপারটি নিয়ে আমি খুবই উন্মুক্ত ও সৎ ছিলাম। আইসিসির সঙ্গে এটা দেখব আমি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: উসমান খাজা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!