জাতীয় দলে অভিষেকের পর থেকেই দুর্দান্ত সময় কাটাচ্ছেন হেড। বাইশ গজে পারফরম্যান্স উপহার দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাব্যক্তিদের মন জয় করে নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় অজিদের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে আলোচনায় ছিল তার নাম।
এবার তা আনুষ্ঠানিক ভিত্তিও পেল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হেডকে নতুন সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
.png)
আগের সহ-অধিনায়ক স্টিভেন স্মিথও আছেন দায়িত্বে। সিনিয়র সহ-অধিনায়ক থাকবেন তিনিই। অধিনায়ক প্যাট কামিন্সকে কোনো কারণে না পাওয়া গেলে নেতৃত্ব দেবেন এখনও স্মিথই। তবে তার পাশাপাশিই এবার আনুষ্ঠানিকভাবে ‘লিডারশিপ গ্রুপ’-এ রাখা হলো হেডকে।
অস্ট্রেলিয়া দলের ভেতর তুমুল জনপ্রিয় ট্রাভিস হেড। তাকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে দেখার একটা বড় কারণ এটা। পাশাপাশি তার ক্রিকেট মেধার কথাও বুধবার সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিলেন কামিন্স।
অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘তার (হেড) যে ব্যক্তিত্ব, দলে যেভাবে নিজেকে উপস্থাপন করে, আমরা সবাই তা ভালোবাসি। সে যেভাবে ক্রিকেট খেলে, সেখানেও তা ফুটে ওঠে। দলীয় মনোবল বাড়ানোর জন্য দলকে এককাট্টা করা ও সতীর্থদের যাদের প্রয়োজন, তাদের কাঁধে হাত রাখার ক্ষেত্রে সে দারুণ একজন।’
তিনি আরো বলেন, ‘কখনো কখনো এমন একজনকে নিয়ে লোকে ভুল বোঝে যে, খেলাটা নিয়ে তার ভাবনা হয়তো গভীর নয়। তবে আমার মনে হয়, সে (হেড) ট্যাকটিক্যালি অসাধারণ। দারুণ একজন নেতা হয়ে ওঠার সব উপকরণই তার মধ্যে আছে, যেমনটি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে বেশ কবছর ধরেই দেখে আসছি আমরা এবং সেটিকেই এখন অস্ট্রেলিয়া দলে খানিকটা আনুষ্ঠানিক রূপ দিলাম আমরা।’