ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখকর স্মৃতি নিয়ে ফিরতে চান বিজয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ১০ ডিসেম্বর ২০২৩
সুখকর স্মৃতি নিয়ে ফিরতে চান বিজয়
ছবি- সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে উড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। যেখানে লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকারদের সঙ্গী হয়েছেন এনামুল হক বিজয়ও।

ঘরোয়া লিগে রান করে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন এনামুল হক বিজয়। তবে একাদশে সেভাবে সুযোগ মিলছে না তার। বিশ্বকাপে সাকিব আল হাসানের ইনজুরিতে শেষ ম্যাচের জন্য উড়ে গিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচেও একাদশে জায়গা হয়নি এ উইকেটরক্ষক-ব্যাটারের।  

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলেও সুযোগ মিলেছে বিজয়ের। দেশটিতে এর আগে একটি দুঃখের স্মৃতিও আছে তার। ২০১৫ বিশ্বকাপে ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান। তখন ছিটকে যাওয়ার পর কখনোই আর জাতীয় দলে সেভাবে থিতু হতে পারেননি। 

Advertisement

এবার নিউজিল্যান্ড যাওয়ার আগে বিজয়ের আশা, সুখের কোনো স্মৃতি নিয়ে ফিরে আসার। শনিবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘চেষ্টা করবো ভালো খেলার সুযোগ আসলে। দলের সঙ্গে আছি, থাকতে পারলে ভালো লাগবে। নিউজিল্যান্ডে একটা ইনজুরি ছিল। ২০১৫ তে ওখানে ইনজুরড হয়েছিলাম। চেষ্টা করবো এবার যেন ভালো সুখকর স্মৃতি নিয়ে ফিরতে পারি।’

এদিকে দলের বাকি খেলোয়াড়রা তাসমান পাড়ের বিমান ধরবেন সোমবার। আর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে দুদল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!