শুক্রবার আল আউয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের মুখোমুখি হয় আল রিয়াদ। যেখানে রিয়াদকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। ম্যাচটিতে নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন রোনালদো।
একে তো পেশাদার ক্যারিয়ারে ১২০০তম ম্যাচ, তার সঙ্গে যোগ হয়েছে জয়ের আনন্দ। স্বাভাবিকভাবেই আনন্দ প্রকাশ করেছেন রোনালদো, ‘আরো তিনটি পয়েন্ট পেলাম। আমার সব সতীর্থকে ধন্যবাদ, যারা আমাকে ১২০০তম ম্যাচে পৌঁছতে সহায়তা করেছে। কী দারুণ যাত্রা! কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি।’
.png)
বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার অবশ্য রোনালদো নন। ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটন খেলেছেন ১৩৮৭ ম্যাচ। তবে এ বছরের জুনে আন্তর্জাতিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম ম্যাচ খেলেন রোনালদো। ১২৮ গোল নিয়ে আছেন সবার ওপরে।
এই ১২০০ ম্যাচ পূরণ করতে রোনালদো খেলেছেন স্পোর্তিং (৩১), ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৬), রিয়াল মাদ্রিদ (৪৩৮), জুভেন্টাস (১৩৪), আল নাসর (৪৬) এবং পর্তুগালের জার্সিতে (২০৫)।