ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

অল্প রানের লিড নিয়েই গুটিয়ে গেল কিউইরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ৮ ডিসেম্বর ২০২৩
অল্প রানের লিড নিয়েই গুটিয়ে গেল কিউইরা
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ রানের লিড নিতেই গুটিয়ে গেছে কিউইরা।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স। কিউইদের লিড ৮ রান।

তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ভেজা মাঠে সেটি সম্ভব হয়নি। সকাল ১১টায় দুই আম্পায়ার রড টাকার ও পল রাইফেল মাঠ পর্যবেক্ষণ করেন। তাদের পর্যবেক্ষণের পর দুপুর ১২টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।

Advertisement

এদিন টাইগারদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে উইকেটে আসেন দুই কিউই ব্যাটার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। ফিলিপস নিজের পরিকল্পনায় সফল হলেও নাঈম হাসানের ঘূর্ণিতে কাটা পড়েন মিচেল। আউট হওয়ার আগে ১৮ করেন তিনি। 

তার বিদায়ে ভেঙে যায় মিচেল-ফিলিপসের ৪৯ রানের জুটি। এরপর ক্রিজে এসে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মিচেল স্যান্টনার (১) ও কাইল জেমিসন (২০)।

তবে ব্যাট হাতে টাইগার বোলারদের তোপ সামলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক তুলে নেন ফিলিপস। সুযোগ ছিল তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়ার। কিন্তু শরিফুলের পেসে পরাস্ত হয়ে ৮৭ রানে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাটে লিড পায় সফরকারীরা।

এরপর নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি কিংবা অ্যাজাজ প্যাটেল কেউই বলার মতো স্কোর করতে পারেননি। ফলে ৮ রান লিড নিয়েই গুটিয়ে গেছে ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে বৃহস্পতিবার পুরো দিন কেড়ে নেয় বৃষ্টি। তাই একটি বলও হয়নি। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে এই ম্যাচ ফলাফল দ্রুত আসার পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!