ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৭, ২৬ নভেম্বর ২০২৩
জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার ইতিহাস
ছবি: সংগৃহীত

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই জয় পেল উগান্ডা। নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই হারে জিম্বাবুয়ের ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলার পথ অনেকটাই কঠিন হয়ে গেল।

রোববার (২৬ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মারুমানি। রানের খাতা খোলার আগেই উইকেট হারানো রোডেশিয়ানরা দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায়। ইনোসেন্ট কাইয়া ও শন উইলিয়ামস মিলে ৪৩ রানের জুটি গড়েন।

Advertisement

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখেছিলেন সিকান্দার রাজা। ৩৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটে ভর করেই লড়াই করার পুঁজি পায় দল।

১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডারও। ১২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে আল্পেশ রামজানি ও রজার মোকাসা মিলে দলকে টেনে তোলেন। এর পর রিয়াজাত আলিও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৪২ রান।

মিডল অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। টি-২০ বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে এই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চারে চলে গেছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটি।

এই অঞ্চলে ৭ দলের মধ্যে সেরা ২ দল ২০২৪ টি-২০ বিশ্বকাপে সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!