জাতীয় দলের জার্সিতে কিউই সিরিজই ছিল তামিমের শেষ ম্যাচ। বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কারণে তো তার খেলা হয়নি। তবে ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ড সফরে তাকে পাওয়া যাবে। এখন শোনা যাচ্ছে, কিউই সফরেও খেলবেন না দেশসেরা বাঁহাতি ওপেনার।
এদিকে গত পরশু বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের টেস্ট দল। মূলত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে তারা। দ্বিপক্ষীয় এ সিরিজ শেষ করে কিউইরা দেশে ফেরার বিমান ধরবে ১০ ডিসেম্বর।
.png)
মজার ব্যাপার হলো, কেন উইলিয়ামসনদের আগেই নিউজিল্যান্ডের পথে থাকবে বাংলাদেশের ক্রিকেটারদের একাংশ। তিন ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ভাগে ভাগে নিউজিল্যান্ড যেতে হচ্ছে ক্রিকেটারদের। ৯ ডিসেম্বর রওনা হবে প্রথম গ্রুপ।
এজন্য টেস্ট সিরিজ শুরুর আগেই ওয়ানডে আর টি-২০ দল চূড়ান্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। টেস্টের মতো সীমিত ওভারের ক্রিকেটেও থাকছেন না তামিম ইকবাল।
দল নির্বাচনের আগে তামিমের মতামত নেয়া হয়েছে বলে জানান একজন নির্বাচক। আঙুলের চোট দেখাতে গতকাল বিসিবিতে গেলেও সাকিব আল হাসানও থাকছেন না নিউজিল্যান্ড সফরে।
চোটের কারণে তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদকেও বিবেচনা করা হয়নি। তবে টেস্ট সিরিজ থেকে ছুটি নেয়া লিটন কুমার দাস খেলবেন নিউজিল্যান্ডে। সীমিত ওভারের এই দল চূড়ান্ত করতেই গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নির্বাচক প্যানেলের সঙ্গে বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।