ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো বাংলাদেশের দায়িত্বে তামিমের ভাই নাফিস! 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ২১ নভেম্বর ২০২৩
আবারো বাংলাদেশের দায়িত্বে তামিমের ভাই নাফিস! 
ছবি: সংগৃহীত

আবারো পুরনো পদে ফিরছেন নাফিস ইকবাল। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও তাকে দেখা যাবে বরাবরের মতো টাইগারদের টিম ম্যানেজার হিসেবে।

দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস নিজেই। জানিয়েছেন, আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, `আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। আর সিরিজ শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে থাকবেন কি না সেটা নিশ্চিত করেননি তিনি। 

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে বরাবরের মতোই নানা নাটক ছিল বিসিবিতে। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করা হয়। একই দিনে অব্যাহতি দেয়া হয় টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে। তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক নাফিস ইকবাল। 

Advertisement

পদ হারানোর পর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেন, `নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহ’র পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেওয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।‘

পদ হারানোর পর নাফিসের স্থানে ভারত বিশ্বকাপে বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন রাবিদ ইমাম। যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্বকাপ শেষে আবারো নিজের পদ ফিরে পেলেন নাফিস। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!