ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
২০২৪ ইউরো বাছাইপর্ব

ইউক্রেনকে থামিয়ে ইউরোর মূলপর্বে ইতালি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ২১ নভেম্বর ২০২৩
ইউক্রেনকে থামিয়ে ইউরোর মূলপর্বে ইতালি
ছবি- সংগৃহীত

২০২৪ ইউরোর মূলপর্বে যেতে হলে জয়ের বিকল্প ছিল না ইউক্রেনের। অন্যদিকে হার এড়ালেই টিকিট নিশ্চিত করবে ইতালি। এমন সমীকরণে মাঠে নেমে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু’দল। আর তাতেই ইউক্রেনকে রুখে দিয়ে আসন্ন ইউরোর মূলপর্বে পৌঁছে গেছে আজিজ্জুরা।

ইউরো বাছাইয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে আগেই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দলের জন্য লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন। শেষ ম্যাচ ড্র করায় দু’দলের পয়েন্ট সমান হয়। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় টিকিট নিশ্চিত হয় ইতালির। 

সোমবার জার্মানির বে অ্যারেনায় মুখোমুখি হয়ে ইউক্রেন ও ইতালি। ম্যাচটিতে বল দখলে তারা পিছিয়ে থাকলেও ৭টি শটের ৪টিই রেখেছিল গোলমুখে। বিপরীতে ৫৯ শতাংশ বল দখলে রেখে ইতালির নেয়া ১৭টি শটের ২টিই কেবল ছিল গোলমুখে।

Advertisement

ম্যাচ শুরুর ৫ম মিনিটে আক্রমণে যায় ইউক্রেন। মাঝমাঠ থেকে বল নিয়ে ইতালির ডি-বক্সের কাছাকাছি চলে আসেন ইউক্রেনের ভিক্টর সাইহ্যানকভ। সেখানে থেকে তার নেয়া জোরালো শট গ্লাভসবন্দী করেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। 

ম্যাচের ১৪তম মিনিটে ডি বক্সের বাইরে ইউক্রেনের মিডফিল্ডার সুদাকভের নেয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দোনারুম্মা। ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেল্লার জোরালো শট ঠেকিয়ে দেন ইউক্রেনের গোলরক্ষক অ্যানাতোলি ত্রুবিন।

তবে ম্যাচের ২৯তম মিনিটে সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন ডেভিস ফ্র্যাতেসি। সতীর্থের পাস বক্সে পেয়ে ওয়ান টু ওয়ান পজিশনে তিনি ত্রুবিনকে পরাস্ত করতে ব্যর্থ হন। ম্যাচের বাকি সময়ে কোনো দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তাই গোলশূন্য ড্রয়ে ম্যাচ শেষ হয়। 
এদিকে ইতালির সমান ১৪ পয়েন্ট নিয়েও ছিটকে যেতে হয়  ইউক্রেনকে। গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত করে আজ্জুরিরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!