ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

৭ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ১৯ নভেম্বর ২০২৩
৭ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪.০ ওভারে সাত উইকেটে ২১৩ রান।

ষষ্ঠ ট্রফি জিততে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলপতি প্যাট কামিন্স। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল।

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ৪ ওভার ভালোই কাটে ভারতের। দুই ওপেনার এ সময় যোগ করেন ৩০ রান। পঞ্চম ওভারে প্রথম আঘাত হানে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রানে আউট হন গিল।

শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেনি ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দলকে রান রেট ঠিক রেখে এগিয়ে নিতে থাকেন। সেই ধারাবাহিকতায় ফিফটির পথে ছিলেন রোহিত।

তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে এসে ম্যাক্সওয়েলের বলে পরাস্ত হন রোহিত। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ৪৭ রান করেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে প্যাট কামিন্সের বলে ৫ রান করে আউট হন শ্রেয়স আইয়ার।

অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারানোর পর সাবধানে খেলতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এ দুই ব্যাটার উইকেট ধরে রেখে খেলতে থাকেন। এরই মাঝে ৫৬ বলে ফিফটির দেখা পান কোহলি।

অ্যাডাম জাম্পার বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতকে পৌঁছান কোহলি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। কামিন্সের বলে ৫৪ করে বোল্ড হন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।

কোহলির বিদায়ে বিপদের শঙ্কায় পড়ে ভারত। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন কেএল রাহুল। ৮৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তার ব্যাটেই এখন ভালো পুঁজির স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া।

সেই স্বপ্নে বড় আঘাত হেনেছে জাদেজার বিদায়। জশ হ্যাজলউডের বলে ৯ রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। তার বিদায়ের পর লড়ছেন রাহুল ও সূর্যকুমার যাদব। দুজনের ব্যাটে ২০০ পার করে ভারত।

এরপর অল্প সময়ের মাঝে দুই উইকেট হারিয়েছে ভারত। প্রথমে দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করা রাহুলকে ফেরান স্টার্ক। নিজের পরের ওভারে শামিকে আউট করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!