ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

হাথুরুর কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ১৮ নভেম্বর ২০২৩
হাথুরুর কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

উপমহাদেশে চতুর্থবারের মতো বসেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। পার্শ্ববর্তী দেশ হওয়ায় বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই আশায় গুড়েবালি। বিশ্বমঞ্চে চরম ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপতো দূরের কথা পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতেই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে টাইগারদের। দলের পারফরম্যান্স এতোটাই বাজে ছিল যে, নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারতে হয় টিম টাইগার্সকে। সবমিলিয়ে বলাই যায়, ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে এবার নিউজিল্যান্ড টেস্ট নিয়ে প্রস্তুত হচ্ছে টাইগাররা। তবে তার আগে বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া। বিশ্বকাপ ব্যর্থতার বড় দায় পড়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ঘাড়ে। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

শনিবার এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবেন বলেছেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

তিনি বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে তা মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকেও নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।’

টাইগারদের পারফরম্যান্স হতাশ করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’ 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!