ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মেগ ল্যানিংয়ের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ঘরোয়া লিগে খেলে যাবেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ল্যানিংকে। এমনকি অপ্রকাশিত চোট সমস্যায় ইংল্যান্ড সফরে খেলেননি অস্ট্রেলিয়াকে পাঁচবার বিশ্বকাপ জেতানো এ তারকা ক্রিকেটার।
অবসর ঘোষণায় মেগ ল্যানিং বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া আমার জন্য একটু কঠিন ছিল। তবে আমার মনে হয়েছে এটা সঠিক সময়। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি দারুন সময় পার করেছি। কিন্তু আমি জানি সরে যাওয়ার জন্য এটা সঠিক সময়। ক্যারিয়ারে যা অর্জন করেছি তার জন্য আমি গর্বিত।’
ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেগ ল্যানিং। তিনি বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার সহযোগিতা করার জন্য আমার পরিবারের সদস্য, সতীর্থ, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমাকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদেরও ধন্যবাদ জানাচ্ছি।’
২০১০ সালে ১৮ বছর বয়সে টি-২০ ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ল্যানিংয়ের। এ সময় তিনি ১৩২টি টি-২০, ১০৩টি একদিনের ম্যাচ ও ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৪১ ম্যাচের ১৮২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এ সময়ে তার অধীনে অস্ট্রেলিয়া ৭৮ ওয়ানডের ৬৯ ম্যাচে, ১০০ টি ২০র ৭৬ ম্যাচে এবং চার টেস্টে জয় পেয়েছে।
ল্যানিংয়ের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলাদা জায়গাই থাকবে। তিনি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন পাঁচটি বিশ্বকাপ, সব মিলিয়ে জিতেছেন সাতটি। এর মধ্যে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিতেছেন কমনওয়েলথ গেমসে সোনার পদকও।